ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে কর্মরত ১৫৮ জনকে নন-ক্যাডার কোটায় সহকারী সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার তাদের পদোন্নতির সুপারিশ পাঠানো হলে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এর প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদোন্নতি পাওয়াদের মধ্যে ৯৭ জন ব্যক্তিগত কর্মকর্তা, বাকি ৬১ জন প্রশাসনিক কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের ভিত্তিতেই প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের সহাকরী সচিব হিসাবে পদোন্নতি দেয়া হল।
মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় ৬ বছর ধরে নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি বন্ধ ছিল।
স¤প্রতি আইন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইনে পদোন্নতি দেয়ার সুযোগ তৈরি হয় বলে কর্মকর্তারা জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার সামনে বিকাল থেকে পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের ভিড় দেখা যায়।
এরআগে গত ফেব্রুয়ারিতে প্রশাসনে তিন স্তরে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে অতিরিক্ত সচিব পদে ১২৭ জন, যুগ্ম সচিব পদে ২৬৪ জন এবং উপসচিব পদে ২৫৮ কর্মকর্তা রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমকে/এএইচ/এমআই/২২৩৫ ঘ.
bdnews24