২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাথীর আত্মহনন ২ সাংবাদিক, ৫ সহপাঠীর বিরুদ্ধে অভিযোগপত্র

কুলছাত্রী সাবিহা সুলতানা সাথীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় স্থানীয় দুই সাংবাদিক এবং সাথীর পাঁচ সহপাঠীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বাগেরহাট, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রী সাবিহা সুলতানা সাথীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় স্থানীয় দুই সাংবাদিক এবং সাথীর পাঁচ সহপাঠীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সিদ্দিক বৃহস্পতিবার বিকালে মুখ্য বিচারিক হাকিম আবু তাহেরের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে যাদের আসামি করা হয়েছে, তার মধ্যে দুই সাংবাদিক হলেন- খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির বাগেরহাট ব্যুরো প্রধান মোল্লা আব্দুর রব (৫০), মাই টিভি’র বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মামুন (২৮)। সাথীর সহপাঠীদের মধ্যে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- আল মুজাহিদ পিয়াল (১৬), সৈয়দ সীমিন হাসান সীমান্ত (১৬), মানজুল ইসলাম (১৬), মোল্লা আব্দুল হান্নান (১৬) ও জান্নাতুল ফেরদৌস মীম (১৬)। এদের মধ্যে মিম পলাতক এবং অন্য সবাই আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। হাকিম আবু তাহের অভিযোগপত্র গ্রহণের পর বিচারের জন্য মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন। অভিযোগপত্রে সহপাঠীদের বিরুদ্ধে সাথীর ছবি ধারণ করে তা ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দিয়ে সাথীকে ভীত-সন্ত্রস্ত করে রাখার অভিযোগ আনা হয়েছে। এরা সবাই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কিশোর আদালতে বিচারের সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। দুই সাংবাদিকের বিরুদ্ধে সাথীর ছবি প্রকাশের হুমকি দিয়ে তার বাবাকে চাপে রাখার অভিযোগ আনা হয়েছে। বাগেরহাট শহরের দশানী ১ নম্বর ক্রস রোডের বাসিন্দা শেখ আলমগীর হোসেনের মেয়ে সাথী শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, গত ২৬ মার্চ পিয়াল শ্রেণীকক্ষে সাথীকে জোর করে চুমু খায় এবং অন্যরা তা মোবাইল ফোনে ধারণ করে তা ছড়িয়ে দেয়। এই ঘটনার পর সাথী মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ে বলে তার বাবা জানায়। এরপর ২৪ মে সাথী স্যাভলন পান করে আত্মহত্যা করে। আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিক্রিয়ায় সাথীর বাবা শেখ আলমগীর সাংবাদিকদের বলেন, “অভিযোগপত্রে আমার মেয়ের মৃত্যুর জন্য প্রকৃত দায়ীদের নাম এসেছে। আমি তাদের কঠোর শাস্তি চাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.