বরিশাল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার উপজেলার দুশুমি বাজারে পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাহাবুবুল আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেন একই এলাকার জনৈক ফিরোজ শাহ।
এসময় পুলিশ কর্মকর্তা মাহাবুবের বড় ভাই মোস্তাক শাহ সংবাদ সম্মেলনে হামলা চলালে উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুশুমি বাজারের একটি দোকান ঘরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ফিরোজ শাহ ও পরিদর্শক মাহাবুবুল আলমের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। দুইমাস আগে মাহাবুবের লোকজন দোকানটিতে তালা ঝুলিয়ে দেয়।
ফিরোজ অভিযোগ করেন, ঘটনার দুই মাস পর সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাতে গেলে মাহবুবের বড় ভাই লোকজন নিয়ে এতে হামলা করে।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ফিরোজ শাহ, মিরন শাহ, হাফিজুল শাহ, হাবিব শাহ, জহিরুল, মোস্তাক, এমদাদ শাহ, ইমাম শাহ, মিজান শাহ, শহিদ, আলহাজ শাহ, নজরুল ইসলাম ও শাহজাহান শাহসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে পরিদর্শক মাহাবুব সাংবাদিকদের কাছে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৮১৮ ঘ.
bdnews24