২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিরোধের জেরে ধান কেটে নিল প্রতিপক্ষ

মাগুরার শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১২ বিঘা জমির কাঁচা ধান কেটে নষ্ট করেছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

মাগুরা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১২ বিঘা জমির কাঁচা ধান কেটে নষ্ট করেছে প্রতিপক্ষ। বুধবার রাতে উপজেলার আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মনোয়ার হোসেন মন্টু, আব্দুল মালেক, আব্দুল খালেক, আবু বক্কর ও আব্দুর রশিদ জানান, আমতৈল নহাটা মাঠের ১২ বিঘা ফসলি জমি তারা ৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। এই জমির কিছু অংশে রেকর্ড জটিলতা থাকায় তারা রেকর্ড সংশোধনী মামলা করেন। এ মামলায় তাদের পক্ষে রায় হয় ও তাদের নামে জমি রেকর্ডও হয়। হঠাৎ করে পার্শ্ববর্তী নহাটা গ্রামের ইউনুস মোল্যার ছেলে স্কট, কর্নেল ও কনক ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। কিন্তু নিম্ন আদালত ও হাইকোর্ট এ মামলায় তাদের বিপক্ষে রায় দেয়। রায়ের পরও জমির দখল নেয়ার জন্য তারা নানা ষড়যন্ত্র করে এবং জমির বাড়ন্ত ধান কেটে নেয়ার হুমকিও দেয় বলে অভিযোগ করেন কৃষকরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলমকে জানানো হয় বলেও জানান ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষক। এ বিষয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় দুই পক্ষকে ডাকা হয়। শুক্রবার কাগজপত্রের ভিত্তিতে বিষয়টি সমাধান করে দেয়াসহ উভয় পক্ষের কাছ থেকেই এ সময়ের মধ্যে জমিতে না যাওয়ার মুচলেকা নেয়া হয়। মুচলেকা দেয়ার পর জমির ধান কেটে নেয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮২৪ ঘ.