২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় প্রথম আলো সম্পাদককে তলব

মানহানির অভিযোগে দায়ের এক মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও এক প্রতিবেদককে তলব করেছে শরিয়তপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

শরীয়তপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে দায়ের এক মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও এক প্রতিবেদককে তলব করেছে শরিয়তপুরের একটি আদালত। বৃহস্পতিবার শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সাজ্জাদুর রহমান আগামী ১৩ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও প্রতিবেদক তানভীর সোহেল। এক কোটি টাকা মানহানির অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মনির হোসেন দুপুরে মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, গত ২২ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। “প্রতিবেদনে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে ডিম বাবর, টেন্ডারবাজ, চাঁদাবাজ উল্লেখ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জমি দখল নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল সম্পদের অধিকারী হওয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়।” এ প্রতিবেদনের কারণে খন্দকার মোহতেশাম হোসেন বাবর রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬১১ ঘ.