ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ নভেম্বর দিন রাখেন।
আব্দুস সালাম এ সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।
গত ১২ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোহাম্মদ বজলুর রহমান খান একই আদালতে মামলাটি দায়ের করেন। গত ১১ সেপ্টেম্বর এ মামলায় একই আদালত থেকে জামিন পান একুশে টিভির চেয়ারম্যান।
মামলায় সালামের বিরুদ্ধে ২০০৬-০৭ অর্থবছর থেকে পরবর্তী চার অর্থবছরে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকা আয় গোপন করে তার উপর প্রযোজ্য ৯ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮২৩ টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়।
আয়কর রিটার্ন দাখিল না করায় জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৯ এর উপ-কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল গত ২০ মার্চ একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম ও ব্যবস্থাপনা পরিচালক আশারাফুল আলমের বিরুদ্ধে ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আরেকটি মামলা করেন।
ওই মামলায় বলা হয়, ২০০৮-০৯ থেকে ২০১০-১১ অর্থবছরে বিবাদীরা ইচ্ছাকৃতভাবে আয়কর রিটার্ন দাখিল করেননি। এ বিষয়ে নোটিস দেওয়া হলেও তারা আমলে নেননি।
এ মামলায় গত ৭ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে মামলাটি বর্তমানে হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৪৪০ ঘ.
bdnews24