ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারি তত্ত্বাবধানে হল-মার্কের কারখানাগুলো চালুর দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কারখানা চালু ছাড়াও শ্রমিকদের চাকুরির নিশ্চয়তা দেওয়া, অবিলম্বে বকেয়া বেতনভাতা পরিশোধ, অর্থ কেলেংকারির জন্য হল-মার্কের মালিকসহ দোষীদের শাস্তির এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
তিনি বলেন, গত ৩০ অক্টোবর শ্রম আইন লঙ্ঘন করে আকস্মিক এক নোটিসের মাধ্যমে হল-মার্ক গ্রুপের কারাখানাগুলো বন্ধ করে দেয়া হয়। এতে চারটি কারখানার ১৭ হাজার শ্রমিক কর্মচারির চাকুরি ও বেতনভাতা পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
“বেতনভাতা না পাওয়ায় শ্রমিকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, যা অমানবিক।”
বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর ঈদের ছুটির মধ্যেই সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সোমবার রাত ১২টার দিকে কারখানার প্রধান ফটকে বন্ধের এই নোটিস টাঙিয়ে দেয়া হয়।
সোনালী ব্যাংক থেকে নিয়ম ভেঙে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ ঋণ নেয়ার অভিযোগে হল-মার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহা-ব্যবস্থাপক গ্রেপ্তার হওয়ার পর এই গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৩০ হাজার শ্রমিকের বেতন-ভাতা আটকে যায়।
তাদের আন্দোলন, বিক্ষোভ ও ভাঙচুরের প্রেক্ষিতে ঈদের আগে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হলেও ঈদ বোনাস ও ওভারটাইমের পাওনা বকেয়া রেখেই গত ২৫ অক্টোবর থেকে ছুটি ঘোষণা করা হয় এ গ্রুপের সব কারখানায়। শ্রমিকদের বলা হয় ৩ নভেম্বর কারখানা খুললে বকেয়া টাকা ও অক্টোবর মাসের বেতন দেয়া হবে।
কিন্তু ওই ছুটি শেষ হওয়ার আগেই সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস টাঙিয়ে দেয়া হয়।
কারখানা বন্ধ ও বেতনভাতা বিষয়ে সরকারের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত সরকার শ্রমিকদের পাওনা পরিশোধ ও কারখানা চালুর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। অন্যদিকে পাওনা টাকা ও বেতনভাতার জন্য শ্রমিকরা ন্যায় সঙ্গত আন্দোলন করলে পুলিশ তাদের লাঠিপেটা করে আহত করে এবং ৬ হাজার শ্রমিক কর্মচারির বিরুদ্ধে মামলাও করে।
পরে সংগ্রাম পরিষদের নেতা বাহরাইনে সুলতান বাহার দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হচ্ছে, ৪ নভেম্বর সকাল ১১টায় শ্রম ও কর্মসংস্থান, শিল্প, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয়, সোনালী ব্যাংক, বিজিএমইএ এবং বিকেএমইএ বরাবরে স্মারক লিপি প্রদান ও ৫ নভেম্বর ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সংহতি ও অনশন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক, শামীম ইমাম, শবনম হাফিজ প্রমুখ।
সম্মেলনে হল-মার্ক গ্রুপের কোনো শ্রমিক উপস্থিত আছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে ইসমাইল বলেন, আমরা হলমার্কের সব শ্রমিককে আনতে পারিনি। তবে কয়েকজন উপস্থিত আছেন।
উপস্থিত হলমার্ক শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, বেতন ভাতা না পাওয়ার কারণে আমাদের খাওয়ার টাকা নেই। রুম ভাড়া দিতেও পারছি না। এ মুহূর্তে নতুন একটা চাকরি যোগাড় করাও সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/এসইউ/১৩১৯ ঘ.
bdnews24