২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা তদন্ত সঠিক পথে’

কোনো ‘ফাঁক’ না রেখে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেই তদন্ত কাজ চলছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু দুর্নীতির তদন্ত সঠিক পথেই এগুচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পদ্মা সেতু দুর্নীতির তদন্তের বিষয়ে সামগ্রিকভাবে বলতে চাই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অ্যান্ড থিংস আর গোইং ইন দ্য রাইট ওয়ে।” কোনো ‘ফাঁক’ না রেখে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেই তদন্ত কাজ চলছে বলেও জানান দুদক চেয়ারম্যান। দেশের এ যাবৎকালের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা বিশ্ব ব্যাংকের। তবে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই প্রকল্প জটিলতায় পড়লে তা তদন্তের ভার আসে দুর্নীতি দমন কমিশনের ওপর। বিশ্ব ব্যাংকের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণ করছে। প্যানেলের সদস্যরা ইতোমধ্যে ঢাকা এসে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের চাওয়ায় অনুসারে গত ২৩ অক্টোবর তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্ব ব্যাংক প্যানেলের কাছে পাঠানো হলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো তথ্য বা প্রতিক্রিয়া আসেনি বলে জানান দুদক চেয়ারম্যান। “এখন পর্যন্ত তারা কোনো প্রতিক্রিয়া না জানালেও নিয়মিত তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। যে কোনো সময় তারা তথ্য পাঠাতে পারেন।” পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার পর এক পর্যায়ে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও পরে সরকারের নানামুখী তৎপরতায় সিদ্ধান্ত বদলায়। তবে তারা বলছে, গঠিত প্যানেলের মূল্যায়ন প্রতিবেদনের ওপরই নির্ভর করবে অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২১৩৬ ঘ.