ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে যুবকদের এক তৃতীয়াংশই বেকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তবে বেকার যুবকদের ‘সঠিক’ পরিসংখান সরকারের কাছে নেই বলে তিনি জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী আগামী বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ১৫ জন ‘সফল আত্মকর্মী’ যুবককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।
এবারের যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত যুবশক্তি, বিকশিত অর্থনীতি’।
প্রতিমন্ত্রী জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য চলতি বছরের জুন পর্যন্ত ৭ লাখ ৭৭ হাজার ২৭৪ জনকে যুবককে এক হাজার ৭৯ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড় ও নাটোরের ২৩ হাজার বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক একেএম মানজুরুল হক প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৫১০ ঘ.
bdnews24