২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে পর্যটক নিহত, আহত ৮

কক্সবাজারে হিমছড়িতে পাহাড় ধসে এক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে হিমছড়িতে পাহাড় ধসে এক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। কক্সবাজার সদর থানার এসআই ফিরোজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে হিমছড়ি ৪ নম্বর সেতুর কাছে ঝর্ণায় গোসল করার সময় পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আমজাদ হোসেন (২৫) ঢাকার কদমতলীর চেয়ারম্যান বাড়ি এলাকার ওসমান গণির ছেলে। আহতরা হলেন- কদমতলি এলাকার ফজলুল রহমানের ছেলে মোহাম্মদ সাইদ (২২), হোসেন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (২৭), আজিজুল ইসলামের ছেলে মোস্তফা কামাল নাদিম মিয়া (২৫); ঢাকার যাত্রাবাড়ির ধলপুর এলাকার মিরাজ হুদার স্ত্রী লাইলা হানিফ (৩৫), মিরাজ হুদার ছেলে রাহিব (৮), আবদুল হকের ছেলে সিরাজুল ইসলাম রিমন (২৪), কক্সবাজারের বড়ছড়ার এলাকার মোহাম্মদ শাহজাহানের স্ত্রী রিজিয়া আকতার (৩০) ও ঢাকার নাবিল (২০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, হিমছড়ি পাহাড়ের ৪ নম্বর সেতুর কাছে ঝর্ণায় গোসল করার সময় পাহাড় থেকে মাটির স্তূপ ধসে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। এসআই ফিরোজ জানান, ওই পর্যটকেরা রোববার কক্সবাজার আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১০ ঘ.