সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সবচেয়ে বেশি দূষণকারী শিল্পখাত হিসাবে ২৬ বছর আগে চিহ্নিত হলেও হাজারিবাগে ট্যানারির দূষণ বন্ধ হয়নি। সরকারের প্রজ্ঞাপন, স্থানান্তরের উদ্যোগ ও আদালতের রায় সবই ম্লান হয়ে গেছে শিল্প মালিকদের অনাগ্রহের কাছে।
ট্যানারি কারখানা সরিয়ে নেয়ার বিষয়ে আদালতের বেঁধে দেওয়া সর্বশেষ সময়সীমা প্রায় ছয় মাস আগে শেষ হলেও কার্যকর কিছু এখনো হয়নি।
১৯৮৬ সালে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৪টি খাতের ৯০৩টি শিল্প কারখানাকে পরিবেশ দূষণের জন্য চিহ্নিত করে। হাজারিবাগের সব ট্যানারি ওই তালিকায় স্থান করে নিয়ে আইনের দৃষ্টিতে ‘লাল’ ক্যাটাগরিভুক্ত হয়।
এসব শিল্প প্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে সরকার একই বছরের ৭ অগাস্ট এক পরিপত্র জারি করে। দূষণ মোকাবেলায় কার্যকর সরঞ্জাম ছাড়া নতুন কোনো কারখানা যাতে চালু হতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয় পরিপত্রে।
পরিপত্র জারির পর আট বছরেও নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ১৯৯৪ সালে এ বিষয়ে আদালতে রিট আবেদন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্টের একটি বেঞ্চ ১৯৯৪ সালের ৬ জুন রুল জারি করে। পরবর্তীতে রুলের চূড়ান্ত শুনানি করে ২০০১ সালের ১৫ মে হাই কোর্ট রায় ঘোষণা করা হয়।
ওই রায়ে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর বিধি-৭ অনুসারে ‘লাল’ হিসাবে চিহ্নিত কারখানাগুলোতে এক বছরের মধ্যে দূষণ নিয়ন্ত্রণের যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে এ বিষয়টি নিশ্চিত করে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতেও বলা হয়।
১৯৯৫ সালের পরিবেশ আইন ও ১৯৯৭ সালের বিধিমালার আলোকে প্রথমেই দূষণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ছাড়া যাতে দেশে কোনো শিল্প-কারাখানা গড়ে না ওঠে সে বিষয়েও শিল্প সচিবকে পদক্ষেপ নিতে বলা হয় ওই রায়ে।
নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন জমা না দেয়ায় ২০০৯ সালে আদালত অবমাননার মামলা দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সে বছরের ২৮ এপ্রিল শিল্প সচিব, বন ও পরিবেশ সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রতিবেদন দিতে নির্দেশনা দিলে তারা আদালতে হাজির হন।
২৩ জুন হাই কোর্টের বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ নতুন আদেশ জারি করে।
ওই আদেশে বলা হয়, ২০০১ সালে হাই কোর্ট রায় দেওয়ার পর শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। ওই ক্ষতি পরিমাপযোগ্য নয়। বুড়িগঙ্গা এখন আর কোনো নদী নয়, এটি বড় একটি নর্দমায় পরিণত হয়েছে।
রায়ে ‘লাল’ ক্যাটাগরিভুক্ত শিল্প-কারাখানাগুলোতে ২০১০ সালের ৩০ জুনের মধ্যে বর্জ্য শোধনাগার স্থাপনের নির্দেশ দেয়া হয়। তা করতে ব্যর্থ হলে কোনো ধরনের ছাড় না দিয়ে পরিবেশ আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়।
২৬ বছর আগে সর্বোচ্চ দূষণকারী খাত হিসাবে হাজারিবাগের সব ট্যানারি ‘লাল’ ক্যাটাগরিভুক্ত হয়েছে উল্লেখ করে রায়ে বলা হয়, ওই সময়ই এর অবস্থা মারাত্মক ছিল এবং আইনে লাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়েছিল। ২০০১ সালের রায় মেনে এদের কেউ বর্জ্য শোধনাগার স্থাপন করেনি। এ সব শিল্প-কারখানার রাসায়নিক পদার্থ ও অন্যান্য মারাত্মক বর্জ্য বুড়িগঙ্গা নদীর দুঃখজনক মৃত্যুর কারণ হয়ে উঠছে।
“তাই আগের সিদ্ধান্ত অনুসারে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারি শিল্প স্থানান্তরের সুযোগ দিচ্ছি। আর তা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ট্যানারিগুলো বন্ধ করে দিতে হবে। কারণ, মানুষের জীবন রক্ষা ও কল্যাণ সাধনকে কোনো কিছুর বিনিময়ে কোরবানি করা যায় না, এমনকি শিল্পের জন্যও নয়।”
“স্থানান্তরিত ট্যানারিগুলোও বর্জ্য শোধনাগার স্থাপন এবং তা কার্যকর করাসহ দূষণ নিয়ন্ত্রণে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করেই কেবল কার্যক্রম চালাতে পারবে।”
এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় সরকার পক্ষের আবেদনে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ নতুন আদেশ জারি করে।
আদেশে সাভারে চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনে শিল্প সচিবকে নতুন করে ৬ মাস সময় দেয়া হয়। এর তিন মাসের মধ্যে তাকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়।
শিল্প মালিক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ২০০১ ও ২০০৯ সালে দেয়া আদালতের রায় বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়।
শিল্প স্থানান্তরে কী পদক্ষেপ নেয়া হয়েছে হলফনামা আকারে আদালতকে তা জানাতে বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়। শিল্প স্থানান্তরে এই দুই সংগঠন তাদের অঙ্গীকার রক্ষা করবে বলেও আশা প্রকাশ করা হয় আদালত রায়ে।
আদালতের এই আদেশের পরও স্থানান্তর হয়নি ট্যানারি কারখানা। পরে শিল্প সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের আবেদনে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনে আরো ছয় মাস সময় মঞ্জুর করে।
নথি থেকে দেখা যায়, এ সময় শিল্প মালিকদের পক্ষে কেউ আদালতে হাজির হননি।
এই মামলার নথিপত্রে দেখা যায়, ১৯৯১ সালে ট্যানারি শিল্পকে হাজারিবাগ থেকে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়। পরে ১৯৯৩ সালে সাভারে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়। এ জন্য সেখানে ১৭ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণও করা হয়, যা পরে ট্যানারি শিল্প মালিকদের মধ্যে বিতরণ করা হয়।
১৯৯৮ সালের ২০ অগাস্ট হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে নানা সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ ২০০৮ সালের ২৫ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের একজন সহকারী সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটির বৈঠকে ২০১০ সালের ফেব্রুয়ারির মধ্যে সাভারে সব ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে বেলার নির্বাহী কমিটির সদস্য ও এই মামলায় বেলার আইনজীবী এম ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশে ট্যানারি স্থানান্তরে সব সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু এখনো ট্যানারি শিল্প স্থানান্তরিত হয়নি।
“আমরা শিগগিরই এ বিষয়টি আদালতের নজরে আনব।”
শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হাই কোর্টের আদেশ অনুসারে যথা সময়েই কাজ সম্পন্ন করতে চেয়েছিলাম। তবে টেন্ডার নিয়ে মামলা-মোকদ্দমার কারণে কেন্দ্রীয় বর্জ্য শোধনারগার স্থাপন পিছিয়ে যায়। স্বচ্ছতা রক্ষার করতে আমরা সেই মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এ বিষয়গুলো আমরা হাই কোর্টকে অবহিত করে আবার সময় চাইব।”
গত ৯ অক্টোবর প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের এক সমীক্ষায় বলা হয়, হাজারিবাগের ট্যানারির তরল বর্জ্য মেঝেতে পড়ে পরে তা খোলা নর্দমা দিয়ে যায় যাতে পশুর মাংস, ছড়ানো পশম ও চর্বি থাকে। এতে আরো থাকে হাইড্রোজেন সালফাইড, ক্রোমিয়াম সালফাইড, সালফিউরিক এসিড, ব্লিচ, রং, তেল এবং চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত নানা ধরনের ক্ষতিকর দ্রব্য। এই তরল বর্জ্য খোলা নালার মাধ্যমে হাজারিবাগের বস্তি দিয়ে প্রবাহিত হয় পড়ে ঢাকার প্রধান নদী বুড়িগঙ্গায়।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন গড়ে এই ট্যানারিগুলো ৭৫ মেট্রিক টন কঠিন বর্জ্য উৎপাদন করে। আর কোরবানির পর চামড়ার মৌসুমে তা ২০০ মেট্রিক টনে পৌঁছে।
ট্যানারির তরল বর্জ্য নিয়ে সরকার ও এ শিল্পের প্রধান দুই সংগঠন ২০০৩ সালে একটি প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনের তথ্য অনুসারে হাজারিবাগ থেকে প্রতিদিন ২১ হাজার ৬০ কিউবিক মিটার মারাত্মক তরল বর্জ্য নিসৃত হয়ে বুড়িগঙ্গায় মেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১১০১ ঘ.
bdnews24