২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের দুর্ঘটনা তদন্তে কমিটি

ধনবাড়ীতে চারাভাঙ্গা সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ১২ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা হাকিম লুৎফর রহমানকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সোমবার বিকালে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার প্রথম প্রহরে ধনবাড়ীতে চারাভাঙ্গা সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ১২ জন নিহত হয়। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী ওবায়দুল কাদের বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- টাঙ্গাইল পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএর একজন করে প্রতিনিধি। মন্ত্রী দুর্ঘটনাস্থল থেকে মধুপুর হাসপাতালে যান এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, কর্তব্যে অবহেলার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবাল এবং টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী শওকত হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। যোগাযোগমন্ত্রীর শোক ধনবাড়িতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দুর্ঘটনায় আহতরা দ্রুত সেরে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মন্ত্রী এবার ঈদুল আজহায় দেশের বিভিন্ন্ স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায়ও শোক প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯১৫ ঘ.