২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা সমুদ্র সৈকতে উপচেপড়া ভিড়

ঈদ উদযাপনের ব্যস্ততা শেষে এবার বেড়ানোর পালা। তাই রোববার সকাল থেকেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উদযাপনের ব্যস্ততা শেষে এবার বেড়ানোর পালা। তাই রোববার সকাল থেকেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। ঈদের সারাটা দিনই কেটেছে ব্যস্ততায়। সকালে নামাজ আদায়ের পর কোরবানির মাংস কাটা, বিকেলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাসায় বেড়ানো আর মাংস বিতরণ করতে হয়। নগরীর জামালখান এলাকা থেকে ফয়জুর রহমান তার পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে এসেছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে আসার কারণ জানাতে গিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচরাচর পরিবারের সবাইকে একসাথে পাওয়া যায় না। ঈদ উপলক্ষ্যে সবাই এসেছেন বাসায়। এই সুযোগে আজ সবাই মিলে সৈকতে ঘুরতে এলাম।” তিনি আরও জানান, শনিবার সারা দিন কেটেছে ব্যস্ততার মধে দিয়ে। ঈদের দিন আসার ইচ্ছা থাকলেও তাই আসা হয়নি। জয়নগর এলাকা সৈকতে বেড়াতে এসেছেন শারমিন, সুমি ও ঝুমি। তারা জানালেন, এখানে এলে মনটাই ভাল হয়ে যায়। সমুদ্র সৈকত ও নেভালে ঘুরে না বেড়ালে ঈদের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়। তাদের মতো আরও শত শত তরুণ-তরুƒণী আর নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। তবে, ইপিজেড এলাকা থেকে আসা রাজিব, সোহেল, রাহুলদের অনুভূতিটা ছিল অন্যরকম। তাদের বলেন, রোজার ঈদে অনেক সখ করে পানিতে নামতে চেয়েছিল তারা। কিন্তু সাগর উত্তাল থাকায় পানিতে নামা হয়নি। আর সেজন্য মন খারাপ হয়েছিল। এবার তারা পানিতে নেমে অনেক আনন্দ করেছে। মূল সৈকত ছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট ছিল নেভাল একডেমি সংলগ্ন কর্ণফুলীর মোহনা। রাস্তার দু’পাশে সারি সারি গাড়ির বহর আর বাধের উপর বসে আড্ডায় মেতেছেন সবাই। এদিকে, সকাল থেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, চিড়িয়াখানায় মানুষের ভিড়ও ছিল বেশ। ফয়’স লেকের ওয়াটার কিংডমের জলোৎসবে আনন্দে মেতে ছিল তরুণ তরুণীসহ সব বয়সী মানুষ। বেসরকারি চাকুরে জহিরুল ইসলাম তার সন্তান আর পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছিলেন চান্দগাঁও স্বাধীনতা পার্কে। তিনি বলেন, “এখানে এসে বিনোদনের পাশাপাশি দেশের ঐতিহাসিক স্থান সম্পর্কেও শিশুদের ধারণা হয়। “এ পার্কে জাতীয় সংসদ, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন জাতীয় ও ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতি রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৩০ ঘ.