মানিকগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ যাত্রী।
বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুলতানা বিথী (২০), শান্তা আক্তার (২২) ও নিরব (৫)। তাদের সবার বাড়ি নড়াইলে লোহাপাড়া উপজেলায়।
শিবালয় থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বাস ভাড়া করে নড়াইলের উদ্দেশে রওনা দেন। রাত একটার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে ওসি জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
নিহতদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩২৫ ঘ.
bdnews24