২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা, দুই সন্তান হত্যাগৃহশিক্ষকই খুন করেছে, পুলিশের ধারণা

চট্টগ্রামের বহদ্দারহাটে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার গৃহশিক্ষক তারেক চৌধুরীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার গৃহশিক্ষক তারেক চৌধুরীকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, এই গৃহশিক্ষক একাই খুন করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে। খতিবের হাটের ‘মা মনি ভিলা’র পঞ্চম তলায় ঘটনাস্থল থেকে পাওয়া পায়ের ছাপের মাপ এবং গৃহশিক্ষক তারেকের পায়ের মাপ ‘হুবহু’ একই বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিহত ডলি আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন সেটও। চট্টগ্রামের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় ‘মা মনি ভিলা’ নামের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ঘরে মঙ্গলবার সন্ধ্যার পর খুন হন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ডলি আক্তার (৩০), তার ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)। বৃহস্পতিবার দুপুরে নগরীর খতিবের হাট এলাকা থেকে গ্রেপ্তারের পর পাঁচলাইশ থানা ও নগর গোয়েন্দা পুলিশের একটি দল তারেককে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে। এছাড়া তাকে নিয়ে নগরীর পাঁচলাইশ এলাকায় তাদের বাসা ও ফটিকছড়ির নারায়নহাটে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত তারেক পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষক তারেককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঁচলাইশে তারেকের বাসা ও ফটিকছড়ি উপজেলার নারায়নহাটের বাড়িতে তাকে নিয়ে অভিযান চালানো হয়। পুলিশ কমিশনার আরো বলেন, তারেকের কাছে নিহত মহিলার ব্যবহৃত মোবাইল ফোনসেট পাওয়া যায়।এছাড়া তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। “আমরা ধারণা করছি সে একাই তিনজনকে খুন করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৩১ ঘ.