ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসক নিয়োগের বিধি যোগ করে কোম্পানি আইন সংশোধন নিয়ে আইনজীবীদের মত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার দুই জন কোম্পানি আইন বিশেষজ্ঞের মত নেয়া হয়েছে।
“তারা বলেছেন, প্রচলিত আইনেই সরকার প্রয়োজনে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিতে পারে। এ জন্য আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই।”
ব্যারিস্টার তানজিব হাসান ওই দুই আইনজীবীর মধ্যে ছিলেন বলে জানান তিনি।
এমএলএম কোম্পানি ডেসটিনিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের পর কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। গত সোমবার মন্ত্রিসভায় এ আইন সংশোধনের নীতিগত অনুমোদন হয়।
পরদিনই এ উদ্যোগের তীব্র বিরোধিতা করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তাদের প্রতিক্রিয়ার পর সেদিনই বাণিজ্য সচিব জানিয়েছিলেন, কোম্পানি আইন সংশোধনের আগে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হবে।
গোলাম হোসেন বলেন, এই আইন সংশোধনের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে একটি গণমাধ্যমে যে খবর প্রচার হয়েছে তা সঠিক নয়।
“আগামী ৩০ অক্টোবর এ বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেয়া হবে। তারপরই কোম্পানি আইন সংশোধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে,” বলেন তিনি।
ডেসটিনির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠার পর এ প্রতিষ্ঠানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তারও হন প্রতিষ্ঠানের কর্ণধাররা।
এরপর কর্মীদের কথা বিবেচনা করে এই কোম্পানিতে প্রশাসক নিয়োগের পরিকল্পনা করে সরকার। এই জন্যই আইন সংশোধনের উদ্যোগ বলে সরকারের পক্ষ থেকে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এএল/১৯৩০ ঘ.
bdnews24