নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিহত ডালিয়া আক্তারের (২১) স্বামী, শাশুড়িসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বন্দর থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড়বছর আগে বন্দর উপজেলার কল্যান্দী এলাকার মো. আলীর ছেলে সোহেলের সঙ্গে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া গ্রামের আরজ ঢালীর মেয়ে ডালিয়া আক্তারের বিয়ে হয়।
গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিয়ের সময় নগদ টাকা ও গহনাসহ প্রায় ছয় লাখ টাকার যৌতুক দেয়া হয়েছিল। বেশ কিছু দিন ধরে আরো ২ লাখ টাকা যৌতুকের জন্য স্বামীসহ তার স্বজনেরা নির্যাতন করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
ওসি নূর মোহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নয় বলে ধারণা হওয়ায় হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৫ ঘ.
bdnews24