২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলুছড়ি থেকে আরো অস্ত্র উদ্ধার

রাঙামাটি শহরের ভেদভেদীর উলুছড়ি এলাকায় পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পর ওই এলাকা থেকে আরো কিছু অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

রাঙামাটি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের ভেদভেদীর উলুছড়ি এলাকায় পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পর ওই এলাকা থেকে আরো কিছু অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার এবং পরে তাদের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটক অস্ত্র ও ব্যক্তিদের নিয়ে দুপুরে রাঙামাটি সদরে সংবাদ সম্মেলন করেন জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। সোমবার উলুছড়িতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পর শুক্রসেন চাকমা নামে (৩০) এক ব্যক্তি নিহত হন। পরে সেনা সদস্যরা সেখান থেকে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার ও একটি রাইফেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সাতজন হলেন- দীপ্ত মার্মা, সুভাষ চাকমা, অনিক চাকমা, জুন চাকমা, গোপাল ত্রিপুরা, সুশীল জীবন চাকমা ও দালা চাকমা। আটক এই পাঁচজনের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে উলুছড়ি থেকে জুনান চাকমা ও সুশীল জীবন চাকমা নামে আরও দুজনকে আটক করে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একটি মার্ক থ্রি রাইফেল, একটি সাবমেশিন কার্বাইন, দুটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুক, তিনটি পোচ, ১৮৬ রাউন্ড গুলি। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পোশাক, চাঁদা সংগ্রহের রশিদ ও ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয় বলে জানান সেনা কর্মকর্তা। এদিকে গ্রেপ্তারকৃতরা নিজেদের পার্বত্য শান্তি চুক্তির পক্ষের সমর্থক বলে স্বীকার করলেও তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য নন বলে সাংবাদিকদের জানান। এ ব্যাপারে পার্বত্য শান্তি চুক্তির পক্ষের রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, যে কেউ পার্বত্য শান্তি চুক্তির সমর্থক হতে পারেন। কিন্তু আটককৃতরা জনসংহতি সমিতির কেউ নন। বিডিনিউজ টোয়েন্টিএফার ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৮ ঘ.