২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত শেষে জেসমিন, তুষার ও আজিজ করাগারে

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় ঋণ কেলেঙ্কারি মামলার আসামি হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ তিন জনকে হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় ঋণ কেলেঙ্কারি মামলার আসামি হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ তিন জনকে হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামি হলেন- প্রতিষ্ঠানটির মহা ব্যবস্থাপক জেনারেল ম্যানেজার তুষার আহমেদ ও হলমার্ককে জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়ার মূল হোতা সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান। এদের মধ্যে জেসমিন ইসলামকে রমনা ১০(১০)১২ নম্বর মামলায় ৫ দিনের হেফাজত শেষে, তুষার আহমেদ রমনা ৮(১০)১২ ও ১৭(১০)১২ নম্বর মামলায় ১৬ দিনের হেফাজত শেষে ও আজিজুর রহমানকে রমনা ৮(১০)১২ মামলায় ৮ দিনের হেফাজত শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে অস্ত্র মামলায় পাঁচ দিনের হেফাজত শেষে কারাগারে পাঠানো হয়। গত ৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে দুদকের করা ১১ মামলার মধ্যে তানভীর মাহমুদ ও তুষারকে তিনটি মামলায় আট দিন করে মোট ২৪ দিনের হেফাজত মঞ্জুর করা হয়। এর মধ্যে তানভীর ও তুষারকে দুই মামলায় হেফাজত শেষে কারাগারে পাঠানো হলো। অন্যদিকে গত ১৯ অক্টোবর রমনা ১০(১০)১২ নম্বর মামলায় তার জন্য পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করে আদালত। ওই হেফাজত শেষে তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। এ ছাড়া আব্দুল আজিজকে গত ১৫ অক্টোবর তিন মামলায় আট দিন করে ২৪ দিনের হেফাজত মঞ্জুর করে আদালত। ৩ মামলার মধ্যে একটি মামলায় হেফাজত শেষে তাকে সোমবার আদালতে হাজির করা হয়। তাকে এখনো দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/১৮৫১ ঘ.