ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএবি)।
মঙ্গলবার বিএবি’র সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুর ইসলাম মজুমদারের নেতৃত্ব বেসরকারি ব্যাংকের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী অনুদানের জন্য ব্যাংকের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং দরিদ্রদের চিকিৎসা সেবাসহ অন্যান্য জনকল্যাণমূলক কাজের জন্য সমাজের বিত্তশালীরা এই তহবিলে সহায়তা দিয়ে থাকে।
তহবিলের সর্বোচ্চ ব্যবহারের বিষয়েও আশ্বস্ত করেন তিনি।
বিএবি বলেন, সংগঠনের যেসব সদস্য অসুস্থতা অথবা বিদেশে থাকার কারণে আসতে পারেননি তারা অচিরেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসহায়তা নিয়ে আসবেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের কাজী আকরাম উদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আবু নাসের আবু জাফর, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল আবেদিন এবং শাহ জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএ/এএল/১৬১৪ ঘ.
bdnews24