২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছেন না হিনা রব্বানি

অনিবার্য কারণে হিনা রব্বানির সফর স্থগিত হয়েছে বলে পাকিস্তান দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-এইট সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসার কথা থাকলেও সিদ্ধান্ত বদলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি। ২৫ অক্টোবর হিনা রব্বানির আসার কথা ছিল। তবে তিনি আসছেন না বলে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসফি বিনতে শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিবার্য কারণে হিনা রব্বানি তার সফর স্থগিত করেছেন। আগামী মাসেই ইসলামাবাদে ডিএইট সম্মেলন অনুষ্ঠিত হবে। হিনা রব্বানি ঢাকায় এলে তার সফরই বর্তমান সরকারের চার বছরে পাকিস্তানের শীর্ষ কোনো নেতার ঢাকা সফর হত। গত চার বছরে দুই মন্ত্রী (শিক্ষামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী) এবং পররাষ্ট্র সচিবের পাকিস্তান সফরের মধ্যেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সীমাবদ্ধ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হলে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ হত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার জন্য বাংলাদেশ দেশটিকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/এমআই/১৮৪৭ ঘ.