আদালত অবমাননার রুল দুই সচিবের বিরুদ্ধে
আদালত অবমাননার অভিযোগে আইন সচিব ও খাদ্য সচিবের প্রতি রুল দিয়েছে হাই কোর্ট।
আদালত অবমাননার অভিযোগে আইন সচিব ও খাদ্য সচিবের প্রতি রুল দিয়েছে হাই কোর্ট।
জেলায় জেলায় খাদ্য আদালত গঠনে হাই কোর্টের আদেশ বাস্তবায়ন না করায় দায়ের করা একটি আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি আশফাকুল ইসলাম ও মো. বদরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করে।
রুলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
ভারপ্রাপ্ত আইন সচিব এএসএস মো. জহিরুল হক ও ভারপ্রাপ্ত খাদ্য সচিব বেগম মুশফেকা ইকফাৎকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সকালে এই আবেদন দায়ের করেন।
নজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৫৯ সালের পিওর ফুড অধ্যাদেশের ৪ ধারা অনুযায়ী, প্রত্যেক জেলায় খাদ্য বিশ্লেষক নিয়োগের বিধান রয়েছে। অধ্যাদেশের ৪১ ধারায় প্রত্যেক জেলায় 'খাদ্য আদালত' গঠনের কথা বলা হয়েছে।
“কিন্তু আইনটি মেনে প্রত্যেক জেলায় পাবলিক খাদ্য বিশ্লেষক নিয়োগ ও 'খাদ্য আদালত' স্থাপন করা হয়নি।”
এ বিষয়ে ২০০৯ সালের ১ জুন হাই কোর্টেও এক রায়ে দুই বছরের মধ্যে সব জেলা ও মহানগরীতে পাবলিক ফুড অ্যানালিস্ট ও পরিদর্শক এবং খাদ্য আদালত প্রতিষ্ঠার আদেশও হয় বলে জানান মনজিল মোরসেদ।
“রায় বাস্তবায়নে দুই বছর সময় দেয়া হলেও সাড়ে তিন বছরেও তারা সেই রায় বাস্তবায়ন করেননি।।”
