জামায়াতের চক্রান্ত প্রমাণিত হয়েছে: নাসিম
ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপে কথপোকথন ফাঁস যুদ্ধাপরাধের বিচার বানচালে জামায়াতে ইসলামীর চক্রান্তের প্রমাণ বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম।
ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপে কথপোকথন ফাঁস যুদ্ধাপরাধের বিচার বানচালে জামায়াতে ইসলামীর চক্রান্তের প্রমাণ বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম।
বুধবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ১৪ দলের যৌথসভায় তিনি বলেন, “বিচারপতির কথপোকথন হ্যাক করা হয়েছে। জামায়াত যে লবিস্ট নিয়োগ করেছে, আজ তার প্রমাণ পেলাম। ওরা (জামায়াত) যে কত সক্রিয় তার প্রমাণ হয়েছে।”
স্কাইপে প্রবাসী এক আইন গবেষকের সঙ্গে কথোপকথন প্রকাশ হওয়ার পর বিতর্ক উঠলে মঙ্গলবার পদত্যাগ করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম।
নাসিম বলেন, “ট্রাইব্যুনালের স্বচ্ছতা প্রমাণের জন্য নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন। তবে ট্রাইব্যুনালের কাজ বন্ধ থাকবে না।”
ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই স্কাইপের কথপোকথন ফাঁস করা হয়েছে দাবি করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এমন পরিস্থিতিতে ১৪ দলের ভূমিকা রাখতে হবে।
“স্কাইপের তথ্য ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার এবং ট্রাইব্যুনালকে আইনগত ব্যবস্থা নিতে হবে। কারণ একটা জাতির ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।”
আগামী ২২ ডিসেম্বর ১৪ দলের দেশব্যাপী গণমিছিল সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর ১৪ দলের যৌথসভা হবে বলে জানান মেনন।
এছাড়া গণমিছিলের আগে ১৪ দলের শরিক দলগুলোর কার্যালয়েও পর্যায়ক্রমে যৌথসভা হবে বলে জানান তিনি।
প্রতিটি জেলায় ১৪ দলকে সুসংগঠিত করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ঢাকার বাইরে বিভাগীয় শহরেও ১৪ দলের যৌথসভা করতে হবে।
“আমাদের সামনে কোনো বিকল্প নেই। শত্রু এখন চিহ্নিত। তাদের পোষক খালেদা জিয়া। এদের বিরুদ্ধে লড়াই করলে হবে না, তাদের পরাজিত করতে হবে।”
বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক অসিত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেয়া ১৪ দলের বেশির ভাই নেতাই জেলা পর্যায়ে ১৪ দলের কার্যক্রমকে ছড়িয়ে দেয়ার দাবি জানান।
এছাড়া ১৪ দলকে আরো সক্রিয় করতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভূমিকা রাখারও তাগিদও দেন তারা।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও ১৪ দলের এই যৌথসভায় বক্তব্য দেন।
