২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সড়কের দায়িত্ব পাচ্ছে জেলা পরিষদ

পার্বত্য জেলাগুলোর সড়কের দায়িত্ব আগামী ১ জুলাই থেকে জেলা পরিষদের কাছে হস্তান্তর করবে যোগাযোগ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 08:46 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

পার্বত্য জেলাগুলোর সড়কের দায়িত্ব আগামী ১ জুলাই থেকে জেলা পরিষদের কাছে হস্তান্তর করবে যোগাযোগ মন্ত্রণালয়।

একই সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পার্বত্য জেলার কার্যালয়গুলোও পাবর্ত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করারও সিদ্ধান্ত হয়েছে।

বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। 

যোগাযোগ মন্ত্রণালয়ে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ এর পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন অফিসসমূহ জেলা পরিষদের অনুকূলে হস্তান্তর সম্পর্কিত প্রস্তাব পর্যালোচনা বিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বর্তমানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কগুলো এবং বিআরটিএ অফিসগুলো যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় রয়েছে।

জেলা সড়ক ও বিআরটিএ অফিস পাবর্ত্য জেলাগুলোর কাছে হস্তান্তরের জন্য চুক্তি করা হবেও বলে জানান যোগাযোগমন্ত্রী।

তিনি বলেন, “চলতি অর্থবছরে পাবর্ত্য জেলাগুলোতে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে কাজ চলছে তা হস্তান্তর করলে উন্নয়ন কাজে বিরূপ প্রভাব পড়বে। তাই এখন এগুলো হস্তান্তর করা যাচ্ছে না।”

আগামী অর্থবছরের শুরু থেকেই এ সড়কগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ পাবর্ত্য জেলাগুলোর অধীনে হবে বলে জানান যোগাযোগমন্ত্রী।

পার্বত্য জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলো বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে থাকলেও ভবিষ্যতে পার্বত্য জেলা পরিষদের অধীনে দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

বৈঠকে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।