২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী হলেন চার বিচারপতি

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের আরো চার বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের আরো চার বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথের দিন থেকে তাদের এই নিয়োগের আদেশ কার্যকর হবে।

এই চার বিচারক হলেন- বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল।

এদের মধ্যে বিচারপতি আনোয়ারুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত আছেন। বাকি তিন বিচারপতি হাই কোর্ট বিভাগে কর্মরত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে চারজন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিয়োগ দিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম সামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী কাল (সোমবার) এই চার বিচারপতি শপথ নেবেন বলে আশা করছি।”

২০১০ সালের ১২ ডিসেম্বর এই চার বিচারপতি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন। তাদের নিয়ে হাই কোর্ট বিভাগে মোট স্থায়ী বিচারপতির সংখ্যা দাঁড়াল ৮১জন। হাই কোর্টে আরো ১৬ জন অতিরিক্ত বিচারপতি রয়েছেন।

সংবিধান অনুসারে দুই বছরের জন্য হাই কোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়। মেয়াদ পূর্ণ হলে তাদের স্থায়ী করা যায়।