নিভে গেল আলোকবর্তিকা
বাঙালির স্বাধীকার আন্দোলনের সূচনালগ্ন থেকে ছয় দশকেরও বেশি সময় ধরে জাতিকে পথ দেখিয়েছেন যে খান সারওয়ার মুরশিদ, তার জীবনের ইতি ঘটল শনিবার।
বাঙালির স্বাধীকার আন্দোলনের সূচনালগ্ন থেকে ছয় দশকেরও বেশি সময় ধরে জাতিকে পথ দেখিয়েছেন যে খান সারওয়ার মুরশিদ, তার জীবনের ইতি ঘটল শনিবার।
৮৮ বছরের জীবনে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের চিন্তাজগতে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।
১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ¯œাতক পাসের পর সেখানেই প্রভাষক পদে শুরু করেন শিক্ষকতা। পরের বছর নিউ ভ্যালুজ নামে একটি ইংরেজি ত্রৈমাসিক প্রকাশ করেন তিনি।
১৯৫১ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাং¯ৃ‹তিক গোষ্ঠী ‘সংস্কৃতি সংসদ’। পাকিস্তান লেখকসংঘের পূর্বাঞ্চলীয় কমিটির সেক্রেটারি জেনারেলও ছিলেন তিনি।
১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ভাষা-আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন খান সারওয়ার মুরর্শিদ।
পঞ্চাশের দশকেই গবেষণার জন্য বিদেশে পাড়ি জমান তিনি। নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ‘দ্য ইনফ্লুয়েন্স অফ টেগোর অন দ্য ওয়ার্কস অফ ডব্লিউ বি ইয়েটস, আলদোস হাক্সলি অ্যান্ড টিএস এলিয়ট’ বিষয়ে পিএইচডি করেন।
দেশে ফিরে আবার যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রবল বাধা পেরিয়ে ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালনে নেতৃত্ব দেন। রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
১৯৬৫ থেকে ৬৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন এই শিক্ষাবিদ। সে সময়ই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রবর্তনের জন্য প্রস্তাবনা ও অবকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেন।
আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত হওয়ার পর তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে জাতীয় নেতাদের সঙ্গে তিনিও ছিলেন।
শেখ মুজিবুর রহমান যে ছয় দফা দিয়েছিলেন তার নীতিনির্ধারক ও পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন খান সারওয়ার মুরশিদ। উনসত্তরের গণআন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমেদের অন্যতম সহযোগী ছিলেন তিনি। জাতীয় মুক্তির আন্দোলনেও ছিল তার পরামর্শ।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য হিসেবে কাজ শুরু করেন খান সারওয়ার। ১৯৭২ থেকে ৭৪ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ গঠন করে বিশ্বের খ্যাতনামা বিভিন্ন শিক্ষাবিদ ও গবেষককে দেশে আনেন। মুক্তিযুদ্ধের সমর্থক ফরাসি বুদ্ধিজীবী আঁদ্রে মারলোকে আমন্ত্রণ করে তাকে সম্মানজনক ডি লিট প্রদানে মুখ্য ভূমিকা ছিল তার।
১৯৭৫ সালে শুরু হয় খান সারওয়ারের কূটনৈতিক জীবন। পোল্যান্ডে ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কমনওয়েলথের সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে ১৯৮৩ সালে আবার দেশে ফেরেন।
এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। পরের বছর শিক্ষক হিসেবে অবসর নিলেও সংখ্যাতিরিক্ত শিক্ষক হিসেবে ২০০৩ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন তাকে আজীবন সম্মাননা প্রদান করে। প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০১১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার লাভ করেন তিনি। এছাড়া জাহানারা ইমাম স্মৃতি পদক ও কণ্ঠশীলন পুরস্কার পেয়েছেন তিনি।
১৯২৪ সালের ১ জুলাই কুমিল্লা শহরে নানাবাড়িতে জন্ম হয় তার। বাবা আলী আহমদ খান ছিলেন প্রথমে অবিভক্ত বাংলার এবং পরে পূর্ব পাকিস্তানের ব্যবস্থাপক পরিষদের সদস্য। মুসলিম লীগ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার আন্দোলনে অংশ নেন তিনি। তার সম্পাদনায় পূর্ব বাংলা নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের হতো।
বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রবেশিকা পাশ করার পর ফেনী সরকারী কলেজ এবং পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি।
১৯৪৮ সালের ১৪ অগাস্ট নূরজাহান বেগমের সঙ্গে তার বিয়ে হয়। স্ত্রী নূরজাহান মুরশিদ আগেই মারা গেছেন। রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি শিক্ষকতা, সাহিত্যচর্চা ও নারী অধিকার আন্দোলনে জড়িত ছিলেন নূরজাহান মুরশিদ।
যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নূরজাহান।
খান সারওয়ার মুরশিদের বড় ছেলে খান আহমেদ সাঈদ মুরশিদ বর্তমানে গবেষক হিসেবে উন্নয়ন গবেষণা একাডেমিতে কর্মরত। বড় মেয়ে তাজীন মুরশিদ বেলজিয়াম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ছোটো মেয়ে শারমীন মুরশিদ বেসরকারি প্রতিষ্ঠান ‘ব্রতী’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ছোট ছেলে খান আহমেদ নূওয়ায়ীদ মুরশিদ হংল্যান্ডপ্রবাসী। তিনি পেশায় আন্তর্জাতিক উন্নয়ন গবেষক।
একাত্তরে খান সারওয়ার মুরশিদের পুরো পরিবারই কোনো না কোনোভাবে বাঙালির মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়েছে।
সাঈদ মুরশিদ মুক্তিযুদ্ধকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অধিদপ্তর থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের মুখপাত্রতে সাংবাদিকতায় জড়িত ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংবাদ-পাঠিকা ছিলেন তাজীন মুরশিদ।
সহশিল্পীদের সঙ্গে ‘মুক্তির গান’ গেয়ে যুদ্ধ ও ত্রাণ শিবিরগুলিতে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের উজ্জীবিত করতেন শারমীন মুরশিদ। আর ৯ নম্বর সেক্টরে কমান্ডার মেজর জলিলের বাহিনীতে থেকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তার ছোটো ছেলে।
