২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিন ফ্যাশনসের মালিক-কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি

আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকা-ে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তারে দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে আন্দোলনকারী একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকা-ে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তারে দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে আন্দোলনকারী একটি সংগঠন।

শনিবার দুপুরে তোপখানা রোডের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সরকার, বিজিএমইএ ও বিকেএমইএর কাছে ওই কারখানার মালিক-কর্মকর্তাদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি তুলে ধরে ।

সংগঠনের সভাপতি মোশরেফা মিশু এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন।

এতে বলা হয়, “তাজরিন ফ্যাশনসে আগুন লাগার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ ঘটনা নাশকতামূলক ও শ্রমিকদের কিছু টাকা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে’। এ জাতীয় বক্তব্য নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন।”

মোশরেফা মিশু বলেন, “সরকার, গার্মেন্টস মালিক ও বিজিএমইএ ৪৩ জন নিহত শ্রমিকের পরিবারকে মাথাপিছু ৬ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে বলে দাবি করেছে। কিন্তু এ তথ্য ঠিক নয়, অনেকেই টাকা পায়নি বলে আমাদের কাছে তথ্য আছে।

“তাছাড়া তাজরিনে অগ্নিকা-ে একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হলেও তারা মাথাপিছু ক্ষতিপূরণের প্রাপ্য টাকা পায়নি।”

গত ২৪ নভেম্বর রাতে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া আহত হয় অর্ধশতাধিক শ্রমিক।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাত দফা দাবির মধ্যে রয়েছে- তাজরীন ফ্যাসনসের মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তার ও বাংলাদেশ দ-বিধির ৩০৪ (এ) ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া, নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রকৃত সংখ্যা প্রকাশ, টর্ট আইন প্রণয়ন করে নিহতদের এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, কারখানায় নিরাপদ ও স্বাস্থ্যকর শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা, গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, একটি মানবিক ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, সব কারখানায় কারখানা আইন, শ্রম আইন ও আইএলও কনভেনশনের নীতিমালা মানতে মালিকদের বাধ্য করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল ও অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ।