২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় নগরে গাড়িতে আগুন, ভাংচুর

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সড়ক অবরোধের আগের দিন রাজধানীর বিজয় নগরে দুটি গাড়ি ভাংচুর এবং একটিতে আগুন দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সড়ক অবরোধের আগের দিন রাজধানীর বিজয় নগরে দুটি গাড়ি ভাংচুর এবং একটিতে আগুন দেয়া হয়েছে।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা কেউ জানাতে পারেনি।

রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গলির মুখ থেকে কিছু যুবক বেরিয়ে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভাংচুর এবং একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এই ঘটনার পর থেকে পুলিশ সতর্ক রয়েছে বলে ওসি জানান।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রোববার দেশব্যাপী রাজপথ অবরোধের কর্মসূচি রয়েছে ১৮ দলের।

১৮ দলীয় জোটে জামায়াতে ইসলামীও রয়েছে, যেই সংগঠনটির কর্মীরা গত কিছুদিন ধরে সড়কে ভাংচুরে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গত ৪ ডিসেম্বর হরতালের সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতেও হামলা চালায় জামায়াতকর্মীরা, পরে এই জন্য দুঃখও প্রকাশ করে তারা।