২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খান সারওয়ার মুর্শিদের জীবনাবসান

দুই মাসের মধ্যে তৃতীয়বার স্ট্রোক করার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খান সারওয়ার মুর্শিদ চলে গেছেন চিরতরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

দুই মাসের মধ্যে তৃতীয়বার স্ট্রোক করার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খান সারওয়ার মুর্শিদ চলে গেছেন চিরতরে।

শনিবার বিকালে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে থাকা এই শিক্ষাবিদের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

সন্ধ্যায় শিখা চিরন্তনে যুবলীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই শিক্ষাবিদের মৃত্যুর কথা জানান।

খান সারওয়ার মুর্শিদের তার মেয়ে শারমিন মুরশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্বা আর নেই।”

তার পারিবারিক বন্ধু আমিনুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোমায় থাকা অবস্থায় বিকাল ৫টার দিকে আরেকবার স্ট্রোক হয়। এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খান সারওয়ার মুর্শিদের বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

এই শিক্ষাবিদ পর পর দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার মস্তিষ্কেও ব্যাপক রক্তক্ষরণ হয়।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় তাকে ঢাকাতেই রাখা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুর্শিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।

খান সারওয়ার ২০১০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

খান সারওয়ার মুর্শিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। মৃত্যুর সময় এর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।

খান সারওয়ার মুর্শিদের স্ত্রী প্রয়াত নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।