বসুন্ধরা পেপার মিলসকে জরিমানা
মেঘনা নদী দূষণের দায়ে বসুন্ধরা পেপার মিলসকে প্রায় ৪৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মেঘনা নদী দূষণের দায়ে বসুন্ধরা পেপার মিলসকে প্রায় ৪৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ার আনারপুরায় দূষিত বর্জ্য ফেলে নদী দূষণের বিষয়টি উদঘাটন করে পরিবেশ অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানা কর্তৃপক্ষকে তলব করে এ জরিমানা করেন।
পাশাপাশি এক মাসের মধ্যে বর্জ্য শোধনাগারের ত্রুটি দূর করারও নির্দেশ দেয়া হয়েছে।
অধিদপ্তর বলছে, তাদের তদন্তে কারখানার ইটিপি ছাড়াও পৃথক বাইপাস ড্রেনের অস্তিত্ব পাওয়া গেছে। এ ড্রেনের মাধ্যমে বর্জ্য পানি স্থানীয় জলাশয় দিয়ে মেঘনা নদীতে প্রবাহিত হয়ে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধন করছে।
বুধবারের শুনানিতে উপস্থিত হয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় স্বীকার করলে মোট ৪২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষায় নির্গত এ তরল বর্জ্যে সিওডি ৪১৫০ মিলিগ্রাম/লিটার পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মুনীর চৌধুরী জানান, “দেশের নদ-নদীগুলো রক্ষায় শিল্প কারখানাগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শুধু জরিমানা দ- নয়, উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও আইন মান্যতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় প্রচেষ্টা চলছে।”
