‘পদ্মা সেতুতে দুর্নীতি নয়, ষড়যন্ত্র হয়েছে’
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ নয়, ‘ষড়যন্ত্র’ হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ নয়, ‘ষড়যন্ত্র’ হয়েছে।
বুধবার সকালে সিলেট এমসি কলেজে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। যেটা হয়েছে তা ষড়যন্ত্র।”
দুর্নীতি আর ষড়যন্ত্র ‘এক নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে ‘ঘুষ’ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, মূল্যায়নের পর এই প্রতিবেদন চূড়ান্ত করবেন তারা।
আর দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক আগে জানিয়েছিলেন, দেশের আইন অনুযায়ী দুর্নীতির ষড়যন্ত্রও ফৌজদারি অপরাধ।
গত ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে পুড়িয়ে দেয়া এমসি কলেজের ছাত্রাবাস পুনর্র্নিমানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বুধবার কলেজে যান অর্থমন্ত্রী।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হোস্টেলে আগুন দেয়ার জন্য ‘বহিরাগত ছাত্রলীগকে’ দায়ী করে। শুরু থেকেই শিক্ষার্থী ও সিলেটবাসী আগের আদলে ছাত্রাবাস পুনর্র্নিমাণ, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেয়া ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।
এ প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, “ছাত্রাবাসে আগুন দেয়ায় সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তি হবে। ইতোমধ্যে সমস্ত প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। সিআইডি বিষয়টি তদন্ত করছে।”
সিলেটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভাব রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সিলেটে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বলেন, সবার দাবির প্রেক্ষিতে পুরনো আদলেই এমসি কলেজের ছাত্রাবাস পুনর্র্নিমাণ করা হচ্ছে। এতে খরচ হবে ৫ কোটি টাকা। ৬ মাসের মধ্যে এর কাজ শেষ হবে বলে জানান তিনি।
শিক্ষা প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহিল আজাদ জানান, সম্পূর্ণ পুড়ে যাওয়া ছাত্রাবাসের ৩টি ব্লকের ৮৪টি কক্ষ নির্মাণ করা হবে। আর আংশিক ক্ষতিগ্রস্ত বাকি ৩টি ব্লকের ছাত্রাবাসের দরজা-জানালাসহ অন্যান্য সংস্কার কাজ করা হবে।
ছাত্রাবাসের ৬টি ব্লকের তত্ত্বাবধায়ক শিক্ষকদের আবাসিক বাসভবনেরও সংস্কার করা হবে। তবে এতে পুরাতন কাঠামো ও কাঠামো শৈলীর কোনো পরিবর্তন করা হবে না বলে তিনি জানান।
এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেচ্ছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
