২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের মাসে আন্দোলন কার বিরুদ্ধে: প্রধানমন্ত্রী

যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 08:29 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয়ের মাস ডিসেম্বরে বিরোধী দলের আন্দোলনের কারণ ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে সোমবার শেখ হাসিনা বলেন, “যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, যারা জঙ্গিবাদ সৃষ্টি করে, মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে, বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করে, এদের বিরুদ্ধে বাংলার মানুষকে সোচ্চার হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে।”

“এরা যেন আবার ছোবল হানতে না পারে- সেজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে”, বলেন প্রধানমন্ত্রী।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচি দেয়ায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বিএনপি নেত্রী, আমাদের বিরোধী দলীয় নেত্রী ডিসেম্বরে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি দেবেন। তার এই আন্দোলন কিসের জন্য ? কার বিরুদ্ধে ?”

“যুদ্ধাপরাধীদের রক্ষায়? ডিসেম্বর মাসে পরাজিত শক্তি আত্মসমর্পণ করেছিল- এজন্য”, প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

বিরোধী দলীয় নেতা ‘পরাজিত শক্তির সঙ্গে’ হাত মেলাতে চান বলেই ডিসেম্বর মাসকে আন্দোলনের জন্য বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “এর বিচারের ভার আমি দেশবাসীর হাতে দিয়ে দিলাম।”

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাশে নির্মিত অস্থায়ী ‘বিজয় মঞ্চে’ দাঁড়িয়ে বিজয় মাসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী।

মঞ্চের পেছনটা জুড়ে ছিল বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতার ছবি এবং মুক্তিযুদ্ধের সাদাকালো বিশাল স্থিরচিত্র সম্বলিত ব্যাকড্রপ। আর মঞ্চের সামনে বিশাল শামিয়ানা টাঙিয়ে করা হয় কয়েক হাজার লোকের একসঙ্গে বসার ব্যবস্থা।

তৎকালীন রমনার এই রেসকোর্স ময়দানে লাখো জনতার এক মহা সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য বাঙালি জাতির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। এখানেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল।

শেখ হাসিনা আক্ষেপের সুরে বলেন, একটা জেনারেশন মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাস জানতে পারেনি। কারণ, ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিলো। তারা জানে না- আমাদের ত্যাগ-তিতিক্ষার কথা।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশহেতারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো।

সে বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এবার নির্বাচনে আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছিলাম- যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবো। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে।

“নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানতে চায়। তারা জানতে চায়, কারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিলো? কারা গণগত্যা চালিয়েছিলো? কারা গ্রামের পর গ্রামে অগ্নিসংযোগ করেছিলো ? কারা লুটপাট চালিয়েছিলো ?”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, গোলাম আজম গংরাসহ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছিলো। তারা পাকিস্তানি পাসপোর্ট নিয়েছিলো। তাদের নাগরিকত্বও বাতিল করা হয়েছিলো।

স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেও জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে সামরিক অধ্যাদেশ জারি করে এই বিচার বন্ধ করে এবং তাদের বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিন ডিসেম্বর থেকে আওয়ামী লীগের বিজয় উৎসব শুরু হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই জানান, এই তেসরা ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো ভুটান। তাই এই দিনটিতেই বিজয় উৎসব শুরু করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সবার আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, “এই স্বাধীনতা একদিনে আসেনি।”

বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানী বাহিনীর ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণ এবং ১৯৭২ সালের ১০ ডিসেম্বর দেশে ফিরে এই সোহরাওয়ার্দী উদ্যানেই জাতির জনকের ভাষণ দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এখানে একটা মঞ্চ ছিলো। ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে এসেছিলেন, তখন তার নামে এখানে মঞ্চ করা হয়েছিলো। তা ভেঙে ফেলা হয়। মুক্তিযুদ্ধের চিহ্ন একে একে নিশ্চিহ্ন করা হয়।”

সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের বিজয় মাসের এই কর্মসূচি শুরু হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধনে শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছান বিকাল সাড়ে ৩টার দিকে। জাতীয় সংগীতের পর বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন দলীয় প্রধান। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি পরিবেশন করেন।

এরপর বঙ্গবন্ধুকে নিয়ে কবি নির্মলেন্দু গুণের লেখা ‘একটি কবিতা লেখা হবে’ কবিতাটি আবৃত্তি করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর।

দলীয় কর্মী-সমর্থক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং কার্যনির্বাহী সংসদের সদস্য ও বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্পন্দন গোষ্ঠীর নৃত্যানুষ্ঠান ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন আব্দুল জব্বার, মিতা হক, শাহীন সামাদ ও সুবীর নন্দী। সবশেষে পরিবেশিত হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’।

বিজয় মঞ্চে আগামী ৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে অনুষ্ঠান চলবে। এর মধ্যে থাকবে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রদর্শনী, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও পথ নাটক।

এছাড়া ৮ ডিসেম্বর যুবলীগ, ১১ ডিসেম্বর স্বেচ্ছাসবক লীগ, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ১৯ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগ, ২২ ডিসেম্বর যুব মহিলা লীগ, ২৪ ডিসেম্বর তাঁতি লীগ ও ৩০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে।