মঙ্গলবার ক্ষতিপূরণ পাচ্ছেন তাজরিনে নিহতদের পরিবার
নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে চার লাখ টাকার চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া মঙ্গলবার শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে এককালীন ক্ষতিপূরণের অর্থ তুলে দেবেন।
প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৪ লাখ টাকা দেয়া হবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিজিএমইএ।
গত ২৪ নভেম্বর তুবা গ্রুপের ওই কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিক নিহত হন। এর মধ্যে ৫৩ জনের পরিচয় পাওয়া না যাওয়ায় তাদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “শ্রম আইন অনুযায়ী এক বছরের স্থায়ী চাকরির পর ক্ষতিপূরণ পেয়ে থাকে শ্রমিক। এক্ষেত্রে আমরা কোনো আইন দিয়ে বিচার করছি না, মানবিকতা থেকেই এই ক্ষতিপূরণ দেয়া হচ্ছে।”
কতজনকে এককালীন সহায়তা দেয়া হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “৫৫ জন শ্রমিককে পরিচয় ছাড়া দাফন করতে হয়েছে। অনেকে এখনো অসুস্থ। আমরা সবাইকে উন্নত চিকিৎসা দেওয়া ব্যবস্থা করেছি।
“এজন্য এখনি বলা সম্ভব হচ্ছে না কতজনকে ক্ষতিপূরণ দেয়া হবে। আগামীকাল যারা আসবেন, তাদের সবাইকে দেয়া হবে।”
“এই এককালীন সহায়তাই শেষ নয়, এরপরেও আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিজিএমইএ,” যোগ করেন মহিউদ্দিন।
ক্ষতিপূরণের এই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, লি অ্যান্ড ফাং বাংলাদেশ ও বিজিএমইএর বীমা থেকে দেয়া হচ্ছে।
তাজরিনের আহত শ্রমিকদের জন্য কী কী করা হয়েছে- তার একটি পরিসংখ্যান তুলে ধরেন বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান কচি।
তিনি জানান, এই পর্যন্ত ৫১ জন শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে গুরুতর তিনজনকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ইউনাইটেড হাসপাতালে দুজন, ট্রমা সেন্টারে ১৭ জন, পঙ্গু হাসপাতালে চারজন, বক্ষব্যাধি হাসপাতালে একজন, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সুপার মেডিকেল হাসপাতালে দুজন চিকিৎসাধীন।
এছাড়া আরো ১১ জনকে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে বলে বিজিএমইএ সহসভাপতি জানান।
তথ্য কেন্দ্র
তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের বিষয়ে তথ্য জানতে বিজিএমইএ দুটি তথ্য কেন্দ্র খুলেছে।
কারওয়ান বাজারে বিজিএমএইএ কার্যালয়ে একটি এবং আশুলিয়ায় তাজরিন কারখানার নিচে আরেকটি তথ্যকেন্দ্র বসবে।
ক্ষতিগ্রস্ত যারা এখনো বিজিএমইএ থেকে কোনো সহায়তা পায়নি বা ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি- তারা এসব তথ্য কেন্দ্রে দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে তারা ফোন করে বা সরাসরি এসে তথ্য জানাতে পারবেন।
বিজিএমইএ কার্যালয়ের তথ্যকেন্দ্রের দায়িত্বে আছেন, জগলুল হায়দার (০১৮১৭-০৪৪৬৭৭) ও গিয়াস উদ্দিন ভুঞাঁ (০১৮১৭-১৪২৮২৯)।
আশুলিয়া তথ্য কেন্দ্রের দায়িত্বে আছেন তিনজন। তারা হলেন- হাবিবুর রহমান (০১৮১৯-৫৫৮০৬৪), মিজানুর রহমান শিমুল (০১৮১৭-০৪৫৪৪৮) ও কাদের দেওয়ান (০১৭৫৯-৯৭৬৮৮২)।
