ফেনসিডিলসহ গ্রেপ্তার জজ বরখাস্ত হচ্ছেন
ফেনসিডিল ও অস্ত্রসহ গ্রেপ্তার ভোলার সহকারী জজ জাভেদ ইমামকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার হাকিম এম এ সালাম।
ফেনসিডিলসহ গ্রেপ্তার জ্যেষ্ঠ সহকারী জজ জাভেদ ইমাম বরখাস্ত হতে চলেছেন, তার বিরুদ্ধে মামলাও হচ্ছে।
গ্রেপ্তারের একদিন পর রোববার ভোলার এই বিচারককে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে তা সুপ্রিম কোর্টকে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নিয়ে আইন ও বিচার বিভাগ তাদের সিদ্ধান্ত প্রস্তাব আকারে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে।
শনিবার রাতে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় নিজের গাড়িতে ব্যাগভর্তি ফেনসিডিল এবং একটি রিভলবারসহ জাভেদ গ্রেপ্তার হন।
মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পাঠানো প্রস্তাবে বলা হয়, একজন বিচার বিভাগীয় কর্মকর্তার এ ধরনের অনৈতিক কার্যকলাপ গুরুতর অসদাচরণের শামিল।
“কোনো সরকারি কর্মচারী গ্রেপ্তার হলে তিনি সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বলে গণ্য হওয়ার বিধান আছে।”
“এ অবস্থায় সরকার ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাভেদ ইমামকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে রোববার জাবেদ ইমামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম।
এ মামলায় পুলিশের পক্ষ থেকে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন না করায় ওই বিচারককে আদালতেও হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রশান্ত কর্মকার ও গোপাল চন্দ্র সাহা।
তারা আদালতকে জানান, আসামি ষড়যন্ত্রের শিকার। তিনি ফেনসিডিল ব্যবসার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জাভেদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গ্রেপ্তার জাভেদকে হেফাজতের আবেদন না করে আদালতের কাছে শুধু তার বিচারের আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানার এসআই নূর হোসেন বাদি হয়ে একটি মামলাও করেছেন।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু তিনি (বিচারক) ফেনসিডিল আনার কথা স্বীকার করেছেন। তাই পুলিশ হেফাজত না চেয়ে শুধু বিচারের জন্য তাকে আদালতে পাঠিয়েছে।”
শনিবার সন্ধ্যায় জাবেদকে (৩০) নিউ মার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ৩৪২ বোতল ফেনসিডিল ও গুলিভর্তি একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি রাতে নিউ মার্কেট থানায় সাংবাদিকদের বলেন, যশোর থেকে ফেনসিডিল নিয়ে মাইক্রোবাস চালিয়ে তিনি ঢাকা এসেছেন। তার এক আত্মীয় ঢাকায় লিংকন নামে এক ব্যক্তির কাছে এসব ফেনসিডিল পৌঁছে দেয়ার কথা ছিল।
২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ২০০৮ সালের ২২ মে কুষ্টিয়ায় সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। পরে তাকে যশোরে বদলি করা হয়। সম্প্রতি যশোর থেকে তাকে ভোলায় বদলি করা হয়।
জাভেদ জানান, তবে ৮ নভেম্বর নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর থেকে ছুটিতে রয়েছেন তিনি।
এই বিচারক বলেন, এক লাখ টাকার বিনিময়ে এসব ফেনসিডিল পৌঁছে দেয়ার কথা ছিল তার। আর সঙ্গে থাকা পিস্তলটির লাইসেন্স রয়েছে।
এর আগে ফেনসিডিল পরিবহনের কাজ কখনো করেননি বলেও দাবি করেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, জাবেদের কাছ থেকে ফেনিসিডিল ও গুলিভর্তি পিস্তল ছাড়াও কয়েকটি চিরকুট পাওয়া গেছে।
“এ থেকে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে করে তিনি আরো ফেনসিডিল নিয়ে এসেছিলেন, যা অন্য কোথাও পৌঁছে দিয়েছেন।”
