২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কমপ্লায়েন্ট হতে হবে, নইলে কারখানা বন্ধ’

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর পোশাক মালিকদের সংগঠনের এই ঘোষণা এল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর কাজের পরিবেশ উন্নত করতে দেশের পোশাক কারখানাগুলোকে সময় বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।

বেঁধে দেয়া সময়ের মধ্যে যে সব কারখানা তা করতে পারবে না, সেই কারখানাগুলো বন্ধ করে দেয়া হবে বলে পোশাক শিল্প মালিকদের এই সংগঠনটি জানিয়েছে।

বৃহস্পতিবার বিজিএমইএ-এর এক সভায় কারখানার মান পর্যবেক্ষণের জন্য টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।

সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, টাস্কফোর্স গঠনের পর সাড়ে ৪ হাজার কারখানার কাজের পরিবেশ পর্যবেক্ষণ করে ‘নন-কমপ্লায়েন্টগুলোকে’ চিহ্নিত করবে।

সভায় জানানো হয়, “যেসব কারখানা শতভাগ কমপ্লায়েন্ট না, তাদের কমপ্লায়েন্ট হতে সময় দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লায়েন্ট হতে না পারলে কারখানা বন্ধ করে দেয়া হবে।”

বিজিএমইএ সভাপতি তাজরিন ফ্যাশনসকেও ‘কমপ্লায়েন্ট’ কারখানা বলে দাবি করে আসছেন। তবে ওই কারখানায় ছিল না কোনো জরুরি বহির্গমন সিঁড়ি। পাওনা নিয়ে তাজরিনের বিরুদ্ধে শ্রম আদালতে নালিশও রয়েছে।

টাস্কফোর্স কবে গঠন করা হবে- জানতে চাইলে শফিউল ইসলাম বলেন, খুব শিগগিরই হবে।

ওই টাস্কফোর্সে বিদেশি বিশেষজ্ঞ ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও থাকবেন বলে জানান তিনি।

তাজরিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিজেএমইএ জরুরি সাধারণ সভা ডাকা হয়। সভায় সংগঠনের প্রায় দুইশ’ সদস্য ছিলেন।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ঢাকার কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বিকালে বিজিএমইএ’র একটি সভা রয়েছে।

বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত হয়, বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য নয়, এমনকি দেশীয় বাজারের জন্য পোশাক তৈরী করে এমন প্রতিষ্ঠানেও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে।

শ্রমিক ও শিল্পের জন্য কল্যাণমূলক একটি তহবিল গঠন করতে ইউডি’তে (ইউটিলাইজেশন ডিক্লারেশন-কাঁচামাল ব্যবহার করা হয়েছে এমন সনদ) বাড়তি মাশুল বসানোর প্রস্তাব অনুমোদন হয় ওই সভায়। তবে মাশুল কত বাড়বে সভায় নির্ধারণ করা হয়নি।

সার্ভিস বুক (কর্মীর বিস্তারিত তথ্য সম্বলিত বই) চালুর বিষয়ে সভায় সিদ্ধান্ত হয় যে, কোনো কারখানা তা চালু না করলে তাকে ইউডি দেয়া হবে না।