২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার জাতীয় শোক

আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিন দেশের সব সরকারি-আধা সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ছুটি থাকবে দেশের সব পোশাক কারখানায়।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের বিস্তারিত জানান।

সচিব বলেন, আশুলিয়া ও চট্টগ্রামের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

“মন্ত্রিসভা একইসঙ্গে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রতি সম্মান জানাতে আগামীকাল সারাদেশে শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।”

জাতীয় শোক দিবস পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মঙ্গলবার সারা দেশের সব ধর্মের উপসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হবে।

দেশের সব পোশাক কারখানায় মঙ্গলবার ছুটি থাকবে, তবে অন্যান্য অফিস আদালত খোলা থাকবে।

শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হন। একই দিনে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে তিনটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় সোমবার পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

এই হতাহতের ঘটনায় যে জাতীয় শোক পালন করা হবে প্রধানমন্ত্রী তা রোববারই জানিয়েছিলেন।

রোববার সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি।”

এই দুটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তা করা হবে বলে প্রধানমন্ত্রী জানান।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। মন্ত্রিসভা এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দেয়া হবে।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।”