‘আমীর বাংলাদেশেই আছে’
কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ‘মূল হোতা’ হিসেবে মো. আমীর নামের এক ব্যক্তিকে সনাক্ত করলেও গত এক সপ্তাহে তাকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ‘মূল হোতা’ হিসেবে মো. আমীর নামের এক ব্যক্তিকে সনাক্ত করলেও গত এক সপ্তাহে তাকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
এর কারণ হিসাবে আমীরের ‘অতি ধূর্ত ও সাবধানী’ চরিত্রের কথা বললেও পুলিশ কর্মকর্তারা শিগগিরই তাকে গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদী। তারা বলছেন, অপহরণকাণ্ডের মূল হোতা আমীর দেশেই আছে।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমীর অনেক কৌশলী, অনেক ধূর্ত। তবে সে গ্রেপ্তার হবেই।”
সাংবাদিকদের ‘লেখালেখির’ কারণে আমীর ‘অনেক সাবধানী’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
আমীরের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো খবর পুলিশের কাছে আছে কি না জানতে চাইলে মনিরুল বলেন, “আমীর বাংলাদেশেই রয়েছে।”
আমীরের অন্য কোনো ঘনিষ্ঠ সহযোগীকে সনাক্ত করা সম্ভব হয়েছে কি না জানতে চাইলেও বিষয়টি এড়িয়ে যান তিনি।
গত ১১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যা এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তার মা লিপি রানী মণ্ডল (৩৫), বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তারা।
ওই রাতেই পরাগের দাদি সাবিত্রী মণডল একটি মামলা করেন। অপহরণের তিনদিন পর আঁটি বাজারে নয়াবাজার এলাকার রাস্তার পাশে পাওয়া যায় প্রায় অচেতন পরাগকে।
র্যাব বলে আসছে, পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডল ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছড়িয়ে এনেছেন তার ছেলেকে। তবে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মুক্তিপণ দেয়ার বিষয়টি সঠিক নয়।
পরাগকে উদ্ধারের পরদিন এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে একজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর র্যাব একই দিনে জাহিদুল হাসান, আলী ওরফে রিফাত, কালা চাঁন, আলফাজ, রিজভী আহমেদ অনিক ও আবুল কাশেম নামে ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকার জুরাইন থেকে।
এদের মধ্যে জাহিদুল, কালা চাঁন ও আলী ওরফে রিফাত অপহরণের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। তাদের তিনজনের বক্তব্যেই অপহরণের পরিকল্পনার ‘মূল হোতা’ হিসাবে আমীরের নাম এসেছে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বলেন, পরাগকে আটকে তার ব্যবসায়ী বাবার কাছ থেকে টাকা নেয়াই ছিল অপহরণের উদ্দেশ্য। গত ১১ নভেম্বর পরাগকে যখন অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়, ওই মোটর সাইকেলে আমীরও ছিলেন।
এলাকায় ‘ল্যাংড়া আমীর’ নামে পরিচিত এই সন্ত্রাসী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না জানতে চাইলে শুভাঢ্যার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক যুবলীগ নেতার সঙ্গে আমীরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আর পুলিশ বলছে, তারা ‘সবদিকই’ খতিয়ে দেখছে।
তদন্ত কর্মকতা মনিরুল বলেন, ২০০০ সালে এক অভিযানে আমীরকে গ্রেপ্তার করা হয়েছিল। বাড়ি মুন্সিগঞ্জে হলেও ছোট বেলায় কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নানীর বাসায় থাকতেন আমীর। তবে এই অপহরণের আগে সাম্প্রতিক সময়ে কেউ তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেনি।
“আমীর যতো কৌশলই অবলম্বন করুক না কেন। তাকে গ্রেপ্তার করা হবেই,” বলেন মামলার তদন্ত কর্মকর্তা।
পরাগকে কবে নাগাদ বাসায় নেয়া হবে জানতে চাইলে তার মামা নিবাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরো দুই-এক দিন তাকে হাসপাতালে রাখা হবে।”
