রাজধানীতে বুদ্ধ মূর্তিসহ গ্রেপ্তার ৩
রাজধানীর ভাষানটেক এলাকা থেকে একটি বুদ্ধ মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর ভাষানটেক এলাকা থেকে একটি বুদ্ধ মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে ভাষানটেক এলাকার একটি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভাষানটেক থানার ওসি হোসনে আরা বেগম।
পুলিশের ধারণা, প্রায় পৌনে এক কেজি ওজনের বুদ্ধ মূর্তিটি গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু থেকে লুট হওয়া মূর্তিগুলোর একটি হয়ে থাকতে পারে।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. বিল্লাল, মো. আলী ও আবদুল কাদির।
ওসি হোসনে আরা বেগম বলেন “তাদের আচরণে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়। এটি কক্সবাজার থেকে লুট হওয়া মূর্তি কি না- সে বিষয়ে তাদের জিজ্ঞাবাদ করা হবে।”
গ্রেপ্তার তিনজনের মধ্যে কোনো রোহিঙ্গা রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, তারা সবাই বাংলাদেশি।
কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারাও ওই হামলায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গত ৮ নভেম্বর উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাজারে অভিযান চালিয়ে পিতলের তৈরি তিনটি বুদ্ধমূর্তি উদ্ধার করে র্যাব। এর আগে ২৫ অক্টোবর রামু থেকে একটি এবং ৪ অক্টোবর উখিয়া থেকে আরো একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়।
