২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগের বস্তিতে আগুনে পুড়ল ১১ জন

অগ্নি নির্বাপক সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৩টার দিকে রায়েরবাগ এলাকা সংলগ্ন ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে বস্তির পাঁচ শতাধিক ঘর।

অগ্নি নির্বাপক সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৩টার দিকে রায়েরবাগ এলাকা সংলগ্ন ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আতাউর রহমান জানান, নিহত ১১ জনের মধ্যে ছয়জন নারী, বাকিরা সবাই শিশু। গভীর রাতে আগুন লাগায় বের হওয়ার সুযোগই পায়নি তারা।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার নুরুল আলম জানান, বস্তির এক কোনায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইটের তৈরি একটি দোতলা দালান ও কয়েকটি ঘর নিয়ে দেওয়াল ঘেরা একটি ছোট ‘কম্পাউন্ড’ রয়েছে, যাকে এলাকার লোকজন শামসু প্রফেসরের বস্তি বলে চেনে। ওই দেয়াল ঘেরা ঘরগুলোতেই ১১ জনের মৃত্যু হয়েছে। দোতলা দালানের নিচতলার বাথরুমের ভেতরেই পাওয়া গেছে আটটি লাশ।

“তারা অগ্নিকাণ্ডের সময় ওই বাথরুমে ঢুকে শরীরে পানি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছিলেন বলে আমাদের ধারণা”, নুরুল আলম বলেন।

নিহতরা হলেন- হেলেনা বেগম (৫০), তার মেয়ে আকলিমা (৯) ও নাতি শাকিব (৪); সখিনা বেগম (৫৫) ও তার নাতনি ময়না (১৩): আয়েশা ওরফে সুরাইয়া (২৮) ও তার মেয়ে জুলিয়া (৩); মুন্নি বেগম (২৫) ও তার মেয়ে মিম (২), আনোয়ারা (৬০) ও আবদুল আহাদ (সাড়ে ৬)।

নিহত হেলেনার স্বামী হোটেল কর্মচারী কাজী আকরাম হোসেন জানান, রাতে তিনি বস্তিতে ছিলেন না। ভোরে আগুনের খবর পেয়ে বাস্তিতে ফিরে স্ত্রী, মেয়ে ও নাতির মৃত্যুর খবর পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

হেলেনার বড় মেয়ে শাহীনুর বেগম বলেন, তার জমজ দুই ছেলের মধ্যে রাকিব ও স্বামীকে নিয়ে পাশেই আরেকটি বস্তিতে থাকেন তিনি। আর শাকিব থাকতো নানা-নানীর সঙ্গে শামসু প্রফেসরের বস্তিতে।

রাতে চিৎকার চেচামেচিতে ঘুম ভেঙে শামসু প্রফেসরের বস্তিতে আগুন দেখতে পান তারা। মায়ের কাছে থাকা আরেক ছেলে শাকিবকে উদ্ধারের জন্য স্বামীকে নিয়ে এগোনোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।

নিহত ময়নার বাবা মোশারফ হোসেন জানান, কয়েক বছর আগে ময়নার মায়ের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এখন তারা দুজনেই আলাদা থাকেন। আর ময়না বউবাজার বস্তিতে নানীর সঙ্গে থাকত।

অগ্নি নির্বাপণ কর্মীরা তৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস জানাতে না পারলেও এলাকাবাসীর ধারণা, আগুনের সূত্রপাত হয় শামসু প্রফেসরের বস্তির সামনে রিকশা-ভ্যানের গ্যারেজ থেকে।

ওই গ্যারেজের মালিক শাজাহান মিয়া জানান, আগুনে তার গ্যারেজে থাকা ছয়টি অটো রিকশা এবং দেড় শতাধিক রিকশা ভ্যান ও রিকশা পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সময় গ্যারেজে থাকা একটি কোরোসিনবাহী ভ্যান বিস্ফোরিত হয় বলেও স্থানীয়রা জানান।

পুলিশ উপ কমিশনার নুরুল আলম বলেন, শামসু প্রফেসরের বস্তি থেকে বের হওয়ার পথটি অত্যন্ত সংকীর্ণ। এর মুখেই শাজাহান মিয়ার গ্যারেজ দাউ দাউ করে জ্বলতে থাকায় চেষ্টা করেও বের হতে পারেননি কম্পাউন্ডের ভেতরে থাকা লোকজন। ফলে ভেতরেই দগ্ধ হয়ে অথবা শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।

সেখান থেকেই আগুন বউবাজার বস্তির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে বলে জানান হাজারিবাগের ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, আগুনে বস্তির পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ আরো পাঁচজনকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে সুমন (২৫) নামের এক দিনমজুর ও নুরুল ইসলাম (৩০) নামের এক রিকশা চালককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এছাড়া জুয়েল (১৬), নুপুর (১৮) ও তিন মাস বয়সী এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম জানান, রাতে চিৎকার চেচামেচিতে ঘুম ভেঙে চারদিকে আগুন জ্বলতে দেখেন। কী করবেন বুঝতে না পেয়ে একদিক দিয়ে দৌঁড়ে আগুন পেরুতে চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পারলেও তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, আগুন লাগার দীর্ঘসময় পর ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা সময়মতো পৌঁছালে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরো কম হতে পারত।

এ অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এছাড়া যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাংসদ ফজলে নূর তাপস ও পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ।

জেলা প্রশাসক মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজারীবাগে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সহায়তার ব্যবস্থা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক মো. জিল্লার রহমান জানান, নিহত ১১ জনের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেবে নগর কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে দেয়া হবে মোট ৯ লাখ টাকা।