‘প্রধানমন্ত্রীকে পেয়েই আমরা ধন্য’
সেতুর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে থানছির অধিবাসীদের কণ্ঠে শোনা গেছে এমনই মন্তব্য। থানছি থেকে জানিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মঈনুল হক চৌধুরী।
বান্দরবানের মূল ভূখ- থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল থানছিসহ সাতটি উপজেলা। আর তাই সেতু পেয়ে এমনিতেই এ জনপদের অধিবাসীরা পুলকিত। তবে বাড়তি পাওয়া হিসাবে তাদের আনন্দের আরেকটি কারণ- স্বাধীনতার পর কোনো সরকারপ্রধানের আগমন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একচোখ দেখার জন্য তাই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন শিশু থেকে বৃদ্ধ, যেন উৎসব।
মধ্যবয়সী জ্ঞান শ্রী যেমন বললেন, “কং কং প্যরে। নারো শেখ হাছিনা ক্রেফো লাঁরে।” বাংলায় যার অর্থ দাঁড়ায়- “আজ আমাদের খুশির দিন। শেখ হাসিনাকে দেখতেই এখানে এসেছি।”
বেলা ১২টা ২০মিনিটে সাংগু নদীর উপর নির্মিত প্রায় ২১৭ মিটার দীর্ঘ থানছি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেতু সংলগ্ন থানছি মাঠে জনসমাবেশে বক্তব্য রাখেন।
২০০৯-১০ অর্থ বছরে বাংলাদেশ সেনাবাহিনী সেতুটির নির্মাণ কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পাহাড়ি আঁকাবাঁকা পথে লুসাই পাহাড় থেকে নেমে আসা সাংগু নদীর উপর এ নিয়ে চারটি সেতু নির্মিত হলো। সেই সঙ্গে মূলভূখণ্ডের সঙ্গে যুক্ত হলো আরো সাতটি উপজেলা।
স্থানীয় সাংসদ বীর বাহাদুর উপস্থিত কয়েক হাজার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জনসভায় প্রতিক্রিয়া নেন এভাবে- ‘তোঁয়ারা খুশি?’ এ সময় সবাই হাত তুলে স্থানীয় ভাষায় জবাব দেয় ‘খুশি’। এরপর তিনি আবারো বলেন- ‘প্রধানমন্ত্রী ন্য প্যুনের’ (প্রধানমন্ত্রী শুনছেন না)। এবার চিৎকার করে সমস্বরে বলেন- ‘খুশি’।
সমাবেশ শেষে কথা হয় ওয়ারি মুরং, আগমা মারমা, জোসনা আক্তার, মুহাম্মদ মুহসিনের সঙ্গে। দুর্গম এলাকার গ্রাম থেকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতেই তাদের এই ছুটে আসা।
তারা বললেন, এই প্রথম বঙ্গবন্ধু কন্যা থানছিতে এসেছেন। যোগাযোগের এক দিগন্ত উম্মোচিত হয়েছে। তাদের চাওয়ার তেমন কিছু নেই। তাকে দেখতে পেয়েই ধন্য।
প্রথমবারের মতো থানছিতে গিয়ে সেতুর উদ্বোধনের আগে পাশের স্কুল পরিদর্শন করেন শেখ হাসিনা। এ সময় তিনি থানছি হাই স্কুল সরকারি করার প্রতিশ্রুতি দেন।
থানচি হাই স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ স্কুলকে সরকারি করার প্রতিশ্রুতিতে আবেগ আপ্লুত।
“জীবনে এমন আনন্দের মুহূর্ত আমার আর আসেনি। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি আমরা। দেশের উন্নয়নে যেনো সারাজীবন কাজ করে যেতে পারেন।”
