গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষ, চিকিৎসকসহ নিহত ৬
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই চিকিৎসকসহ একটি মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত সাতজন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই চিকিৎসকসহ একটি মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত সাতজন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই চিকিৎসক হলেন- নড়াইল সদর হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ডা. মো. মাহাবুবুল হক মিলন (৩৫) এবং চক্ষু চিকিৎসক দেবাশীষ কুমার বিশ্বাস (৪২)।
ডা. মিলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস করছিলেন। তিনি মাগুরার মোহাম্মদপুরের নওহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের নুরুল হকের ছেলে। অপরদিকে ডা. দেবাশীষ মিডফোর্ড হাসপাতালে এমএস করছিলেন।
নিহত অন্যরা হলেন- ঢাকার তিতুমীর কলেজের ২য় বর্ষের ছাত্র ও ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে ইসা মিয়া ওরফে শামীম মোল্লা (২৪), গোপালগঞ্জের কাশিয়ানীর খাগড়াবাড়িয়া গ্রামের আবুল বাশার মল্লিকের ছেলে ব্যবসায়ী আবু বক্কার মল্লিক (২৫), একই উপজেলার শংকরপাশা গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে মাইক্রোচালক ইমরুল বিশ্বাস (২৫)। অপরজনের পরিচয় মেলেনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বজনেরা তাদের লাশ শনাক্ত করেন।
কাশিয়ানী থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক্রোবাস ও দোলা পরিবহনের একটি বাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রোবাস যাত্রী নিহত হন। একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর।
নড়াইল সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আব্দুল কাদের বলেন, ডা. মাহবুবুল আলম মিলন হাসপাতালে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তিনি নড়াইল থেকে ঢাকা যাচ্ছিলেন।
নড়াইলের সিভিল সার্জন আব্দুস সামাদ বলেন, নড়াইল হাসপাতাল ছিল মিলনের কর্মস্থল।
