শেষ বিকালে উজ্জীবিত বাংলাদেশ
ম্যাচে কাইরন পাওয়েলের দ্বিতীয় শতকের পরও ঢাকা টেস্টে স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার চতুর্থ দিনের খেলা শেষে ৬ উইকেটে ২৪৪ রান করেছে তারা। ৪ উইকেট হাতে নিয়ে ২১৫ রানে এগিয়ে অতিথিরা।
এক পর্যায়ে অতিথিরা ১ উইকেটে ২০৯ রানের শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। শেষ বিকেলে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে সাহারা কাপের প্রথম টেস্ট জমিয়ে তুলেছে স্বাগতিকরা।
এর আগে দিনের প্রথম সেশনে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে বাংলাদেশ। ৪ উইকেটে ৫২৭ রানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ঘোষণা করায় ২৯ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপজ্জনক ক্রিস গেইলকে ফেরানোর দারুণ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ব্যক্তিগত ২ রানে শাহাদাত হোসেনের বলে কাট করতে গিয়ে প্রথম স্লিপে জুনায়েদ সিদ্দিককে ক্যাচ দিয়েছিলেন তিনি। অনেকটা লাফিয়ে জুনায়েদ বলে হাত লাগাতে পারলেও শেষ রক্ষা করতে পারেন নি।
জীবন পেলেও আবারো ব্যর্থ গেইল। দলীয় ২০ রানে রুবেল হোসেনের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর (৭৬) সঙ্গে পাওয়েলের ১৮৯ রানের কার্যকর জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে অতিথি শিবিরে স্বস্তি ফেরায়। ব্রাভোকে মুশফিকের ক্যাচে পরিণত করে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন রুবেল।
পরের ওভারে সোহাগ গাজীর লাফিয়ে উঠা বল ঠিক মতো খেলতে না পেরে ফরোয়ার্ড শর্ট লেগে শাহরিয়ার নাফীসের হাতে ধরা পড়ে মারলন স্যামুয়েলসও বিদায় নিলে উজ্জীবিত হয়ে উঠে স্বাগতিকরা।
প্রথম ইনিংসেও শতরান করা পাওয়েল ব্যক্তিগত ১৭ রানে শাহাদাতের বলে জুনায়েদকে স্লিপে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বলে মুশফিককে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ১১০ রান করেন তিনি। তার ১৯৭ বলের ইনিংসটি ১২ টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। এটি তার তৃতীয় শতক।
পাকিস্তানের ইয়াসির হামিদ ও শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশানের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসে শতক করলেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বশেষ উভয় ইনিংসে শতক করেছিলেন ব্রায়ান লারা, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে।
প্রথম ইনিংসে শতক করা দীনেশ রামদিন ব্যর্থ দ্বিতীয় ইনিংসে। সাকিবের বলে এলবিডব্লউ হয়ে বিদায় নেয়ার আগে ৫ রান করেন তিনি। ১০ রানে বীরাসামি পারমলকে বোল্ড করে সাজঘরের পথ দেখান সোহাগ। ১৫ রানে ব্যাট করছেন ড্যারেন স্যামি, ব্যাটিংয়ে নামেননি শিবনারায়ণ চন্দরপল।
এর আগে ৬ উইকেটে ৪৫৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সে সময় মাহমুদুল্লাহ ৪২ ও নাসির ৩৩ রানে ব্যাট করছিলেন। শুক্রবার প্রথম সেশনের ঘন্টা দেড়েক ব্যাট করে ১০১ রান যোগ করে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
আগের দিনের ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিকে সহজেই ১২১ পর্যন্ত নিয়ে যান মাহমুদুল্লাহ ও নাসির। পঞ্চম অর্ধশতকে পৌঁছানোর পর বেশিক্ষণ টেকেন নি মাহমুদুল্লাহ। দলীয় ৪৮৯ রানে সুনীল নারায়ণের বলে ফরোয়ার্ড শর্ট লেগে কাইরন পাওয়েলের হাতে ধরা পড়লে অতিথিদের বিপজ্জনক হয়ে উঠা সপ্তম উইকেট জুটি ভাঙ্গে।
ঐ ওভারের শেষ বলে সোহাগ গাজীকে বোল্ড করে স্বাগতিদের বড় একটা ধাক্কা দেন সুনীল। ব্যাট করতে নেমে প্রথম বলেই দারুণ এক চার হাঁকিয়েছিলেন অভিষিক্ত এই অফস্পিনার।
নবম উইকেটে শাহাদাত হোসেনের সঙ্গে নাসিরের ৬১ রানের আরেকটি কার্যকর জুটির সৌজন্যে প্রথমবারের মতো টেস্টে পাঁচশ পেরুয় বাংলাদেশ। ২০১১ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষিক্ত নাসিরের প্রথম শতকটি যখন প্রাপ্য মনে হচ্ছিল তখনই আঘাত হানেন টিনো বেস্ট।
ব্যক্তিগত ৯৬ রানে স্লিপে ক্রিস গেইলের ক্যাচে পরিণত করে পঞ্চম টেস্ট খেলতে নামা নাসিরকে শতক থেকে বঞ্চিত করেন তিনি। ১৩৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ এই ইনিংসটি নাসিরের সর্বোচ্চ। প্রথম ৭৫ বলে ৩৩ রান করা নাসিরের শেষ ৬৩ রান আসে ৬১ বল থেকে। এটি তার দ্বিতীয় অর্ধশতক।
নাসিরের বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। পরের ওভারেই শাহাদাতকে (১৩) বোল্ড করে ৫৫৬ রানে স্বাগতিকদের থামিয়ে দেন সুনীল। আগের দিন উইকেটশূন্য থাকা সুনীল এ দিন তিন উইকেট নিয়ে স্বাগতিকদের লিড বেশি বড় হতে দেন নি। টেস্টে এনিয়ে নয়বার লিড নিল স্বাগতিকরা।
টেস্টে এটি বাংলাদেশে সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮৮ রান করে তারা। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের সর্বোচ্চ ছিল ৪১৬, ২০০৪ সালে গ্রস আইলেটে এই রান করে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫২৭/৪ডি. ও ২৪৪/৬ (গেইল ১৯, পাওয়েল ১১০, ব্রাভো ৭৬, স্যামুয়েলস ১, রামদিন ৫, স্যামি ১৫*, পারমল ১০; রুবেল ২/৩৫, সাকিব ২/ সোহাগ ২/৬৩)
বাংলাদেশ: ৫৫৬ (তামিম ৭২, জুনায়েদ ৭, নাফীস ৩১, নাঈম ১০৮, সাকিব ৮৯, মুশফিক ৪৩, নাসির ৯৬, মাহমুদুল্লাহ ৬২, সোহাগ ৪, শাহাদাত ১৩, রুবেল ০*; রামপল ৩/১১৮, সুনীল ৩/১৪৮, স্যামি ২/৮৩, পারমল ১/৭৫)
