২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হে ফেস্টিভ্যাল শুরু

বাংলা একাডেমী মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘হে ফেস্টিভ্যাল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বাংলা একাডেমী মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘হে ফেস্টিভ্যাল’।

বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম ও লালন শাহ-এর গানে-কবিতায় নির্মিত ‘অরূপ থেকে রূপ’ শীর্ষক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের যাত্রা শুরু হয়।

বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান স্বাগত বক্তব্যে বলেন, “এই উৎসব এবং একে উপলক্ষ করে কিছু সেমিনার কোনো সাহিত্য সৃষ্টি করবে না, এটা সত্য। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক-সাহিত্যিকদের সঙ্গে এখানকার লেখক-সাহিত্যিকদের পারস্পরিক চিন্তা-চেতনার বিনিময় হবে। এটাই এই উৎসবের মাহাত্ম্য।”

তিনি জানান, বাংলাদেশ থেকে ১০০ জন এবং বিশ্বের বিভিন্ন স্থানের মোট ৩০ জন লেখক-সাহিত্যিক-প্রকাশক এই উৎসবে অংশ নিচ্ছেন।

এদিকে বাংলা একাডেমী প্রাঙ্গণে এই উৎসবের বিরোধিতা করে বুধবারের মতো বৃহস্পতিবারও সমাবেশ-বিক্ষোভ করেছে কবি ও লেখকদের একটি সংগঠন।

উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বক্তব্যের পর বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন, পাকিস্তানের ঔপন্যাসিক মোহাম্মদ হানিফ, ভারতের প্রকাশক ভি কে কার্তিকা এবং ফিলিপ থেসার আলোচনা করেন।

আলোচনা শেষে মঞ্চে ওঠেন ভারতের জনপ্রিয় সাহিত্যিক বিক্রম শেঠ। তিনি বলেন, “গত কয়েক বছরে আমি কোনো সাহিত্য উৎসবে অংশ নিইনি লেখালেখির ব্যস্ততার জন্য। কিন্তু এবারের আমন্ত্রণটা যখন বাংলাদেশ থেকে এল, ব্যস্ততা সত্ত্বেও তা এড়ানোর কোনো উপায় আমার ছিল না।”

বিক্রম শেঠের বক্তব্যের শেষে ময়মনসিংহের ‘সয়ফুল মুলুক বদিউজ্জামান’ কিসসা পালা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি আর্নট এবং ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সম্পাদক-প্রকাশক মাহফুজ আনাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহমিমা আনাম।