পিছিয়ে যাব ভাবলে ভুল করবে: প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধের বিচার শেষ করার লক্ষ্যে অবিচল থাকার কথা জানিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
একাত্তরের খুনীদের বিচার করাকে ‘দায়িত্ব’ হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে এ বিচার বন্ধ করা যাবে না।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত একটি হল ও জগন্নাথ হলের একটি ভবনের উদ্বোধন এবং বেশ কয়েকটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের রাজনৈতিক কালচার হলো, আন্দোলন-সংগ্রাম বিরোধী দল করবে। আর তা সহ্য করতে হবে।”
“থেমে থাকলে তো চলবে না। কাজ এগিয়ে নিতে হবে”, বলেন তিনি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “তাদের সাথে টিউটোরিয়াল করেছি। তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সে কথা বারবার মনে পড়ে যায়।”
“ওই খুনীদের বিচার করা তো আমাদের দায়িত্ব। এই বিচার বন্ধে নানা কর্মকাণ্ড চলছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। যারা শিক্ষক হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুটেছে, অগ্নিসংযোগ করেছে ও গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবেই।”
আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা যাবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা এসেছি। যদি ভেবে থাকে, আন্দোলন-সংগ্রাম করে আমাদের নার্ভাস করে দেবে- তাহলে ভুল করবে। আমাদের কাজ আমরা করবই। এ বিচার হবেই।”
এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আবাসিক ভবন ‘বঙ্গবন্ধু টাওয়ার’ এবং কবি সুফিয়া কামাল হলের ভিত্তিফলক উন্মোচন করেন।
এরপর সিনেট ভবনের বারান্দায় রোকেয়া হলের ‘৭ মার্চ ভবন’ ও ফার্মেসি ভবনের ভিত্তিফলক উন্মোচন এবং জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন, সামাজিক বিজ্ঞান ভবন এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ফলক উদ্বোধন করেন তিনি।
সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনা বলেন, “এখন তো বৃদ্ধ হয়ে গেছি। সব জায়গায় যাওয়া তো সম্ভব নয়। দুই জায়গায় যাই। বাকিগুলো বিশেষভাবে উদ্বোধন করি।”
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে নিজের ছাত্রজীবনের কথাও স্মরণ করেন তিনি।
“আমি ৩০ জুলাই (১৯৭৫) এক মাসের জন্য আমরা স্বামীর কর্মস্থলে যাই। এরপর মাত্র ১৫টি দিন। ১৫দিন পর খবর পেলাম- আমাদের কেউ নেই। জাতির পিতার আর এই বিশ্ববিদ্যালয়ে আসা হলো না”, পিনপতন নিস্তব্ধতার মধ্যে বাস্পরুদ্ধ কণ্ঠে বলেন শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সেই ত্যাগকে ‘অর্থবহ’ করতে হবে।
ছাত্রী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজের দুর্বলতার কথাও বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কারিকুলাম নিতে হবে।”
“আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। তাদের জন্য শুধু পরিবেশ সৃষ্টি করতে হবে”, যোগ করেন তিনি।
যেসব এলাকায় উচ্চশিক্ষার সুযোগ নেই, সেসব এলাকায় বেসরকারি উদ্যোগে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
শিক্ষার জন্য ট্রাস্ট ফান্ড গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “পারলে উচ্চ শিক্ষা পর্যন্ত অবৈতনিক করে দিতাম। সে টাকা তো নেই। সেজন্যই এই ফান্ড।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাবেক শিক্ষার্থীদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেখি অ্যালামনাইদের অনুষ্ঠান হয়। অলোচনা হয়, ভালো ভালো খাওয়া দাওয়া হয়। অ্যালামনাইদের দায়িত্ব শুধু দুদিনব্যাপী অনুষ্ঠান নয়। যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি- তার জন্য কতোটুকু অবদান রাখতে পেরেছি”, যোগ করেন তিনি।
নিজের বেতনের টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়ার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, “স্বায়িত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু সরকারের কাছে হাত পাততে হবে না। আমার দাবি সামনের অ্যালামনাইয়ে কতো টাকা আসল। আমি আমার বেতনের একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে দেব।”
প্রশাসনের বিকেন্দ্রীকরণ করে শিক্ষার উন্নয়নের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেয়ার ইচ্ছার কথাও অনুষ্ঠানে প্রকাশ করেন সরকারপ্রধান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্র-শিক্ষকের সংখ্যা বাড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির পরিমাণ কমেছে। ৬৩০ একর থেকে কমে জমির পরিমাণ হয়েছে ২০৭ একর।”
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সারা দেশে উচ্চ শিক্ষার জন্য ১৪ হাজার ৮২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদ।
উপ-উপাচার্য শহীদ আখতার হোসেন এবং কোষাধ্যক্ষ কামাল উদ্দীনও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন।
