আ. লীগ আমলে ক্ষমা ফাঁসির ২১ আসামিকে
স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বর্তমান সরকারের আগ পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছিলেন মাত্র চারজন।
বাংলাদেশে এই পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত যে ২৫ আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন, তার ২১ জনকেই তা দেয়া হয়েছে আওয়ামী লীগের বর্তমান আমলে।
স্বাধীনতার পর থেকে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগ পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া ফাঁসির আসামির সংখ্যা মাত্র চারজন।
নবম সংসদের পঞ্চদশ অধিবেশনের প্রথম দিন বুধবার লিখিত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এই তথ্য জানান।
আওয়ামী লীগের গত প্রায় চার বছরের শাসনামলে ২০০৯ সালে একজন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে দুজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পান।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের ওই দণ্ড মওকুফ করে সাজা যাবজ্জীবন কারাদণ্ডে নামিয়ে আনার অধিকার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির থাকলেও তার প্রয়োগ নিয়ে অনেক সময়ই সমালোচনা উঠেছে।
আওয়ামী লীগের এই আমলে ক্ষমা পাওয়া ২১ জনের মধ্যে রয়েছে লক্ষ্মীপুরের বিএনপি নেতা নূরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া এইচ এম বিপ্লব।
লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবকে রাষ্ট্রপতি ক্ষমা করলে তার সমালোচনা তোলে বিএনপি।
‘১৯৭২-২০১১ সাল পর্যন্ত কতজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছে’- নোয়াখালীর স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এই প্রশ্নে মন্ত্রী আরো জানান, আওয়ামী লীগের এই আমলের আগে ২০০৮ সালে একজন, ২০০৫ সালে দুই জন এবং ১৯৮৭ সালে একজন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছিলেন।
স্বাধীনতার পর থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করা হয়নি।
সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের সময়ে এই ক্ষমার চর্চা শুরু হয়।
আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিন আহমেদ হত্যামামলার মৃত্যুদণ্ডে দণ্ডিত এক আসামিকে ১৯৮৭ সালে ক্ষমা করা হয়।
গাজীপুরের নেতা ময়েজউদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকি বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য। ময়েজ হত্যামামলায় সাজাপ্রাপ্তরা ছিলেন জাতীয় পার্টির নেতা-কর্মী।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৫ সালে রাষ্ট্রপতির ক্ষমা পান মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ফাঁসির এক আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করেন।
সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে সংসদের রেওয়াজ অনুযায়ী বুধবার সংসদের সব কার্যক্রম স্থগিত রাখা হয়, প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
চট্টগ্রাম-১০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য আবদুল লতিফের প্রশ্নের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে।
দেশের ৬৮টি কারাগারের মধ্যে দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও রাঙামাটি ছাড়া সবগুলোতেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছে বলে সংসদকে জানানো হয়।
এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় করাগারে রয়েছে ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ কয়েদি। এই কারাগারে ২ হাজার ৬৮২ জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দি রয়েছেন ৭ হাজার ৮৩০ জন।
দেশের কারাগারগুলোর মোট ধারণ ক্ষমতা ৩৩ হাজার ৪৩৬ জন, কিন্তু বন্দির সংখ্যা ৬৪ হাজার ২৫৫ জন।
