৩০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পরাগের
থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাবের একাধিক দল ৩০ ঘণ্টা ধরে ‘উদ্ধার তৎপরতা’ চালালেও কেরানীগঞ্জের অপহৃত শিশু পরাগ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি।
থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাবের একাধিক দল ৩০ ঘণ্টা ধরে ‘উদ্ধার তৎপরতা’ চালালেও কেরানীগঞ্জের অপহৃত শিশু পরাগ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি।
রোববার সকাল ৭টার দিকে মা-বোন ও গাড়িচালককে গুলি করে পরাগকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জের শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে অপহরণের সময় তার মা লিপি রানী মণ্ডল (৩৫), বোন পিনাকী মণ্ডল (১১) ও তাদের গাড়ি চালক নজরুল ইসলামকে (৩৫) গুলি করে মোটর সাইকেল আরোহী অপহরণকারীরা। পিনাকী পুরান ঢাকায় লক্ষ্মীবাজারে সানফ্রান্সিককো স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন পরাগের দাদি সাবিত্রী মণ্ডল বাদি হয়ে। মামলায় চার হামলাকারীর কথা বলা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুর পর্যন্ত পরাগের জন্য মুক্তিপণ চেয়েও কেউ যোগাযোগ করেনি বলে পরাগের মামা প্রদীপ জানান।
সোমবার দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, লেনদেন ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত হচ্ছে। অপহৃত শিশুকে উদ্ধারে র্যাব-পুলিশ ও গোয়েন্দারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই কথা বলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের দল মাঠে নেমেছে।”
তবে পরাগের বাবা তাঁতীবাজার জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডল বলেন, কী কারণে তার ছেলেকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বুঝতে পারছেন না। কারো সঙ্গে তার তেমন কোনো শত্রুতা নেই। জমি নিয়ে ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে।
অবশ্য নজরুল নামে স্থানীয় একব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমল মণ্ডল স্পষ্ট কিছু না বললেও স্থানীয় বাসিন্দাদের অনেকেরই ধারণা- এ ঘটনা ঘটেছে জমি নিয়ে বিরোধের জের ধরে।
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ গাড়ি চালক নজরুল সাংবাদিকদের বলেন, “ওই সময় স্কুলে যাওয়ার জন্য পরাগ, পিনাকি ও ম্যাডাম প্রাইভেটকারে ওঠেন। এ সময় দূরে মটরসাইকেল রেখে এক যুবক আমার কাছে গাড়ির চাবি চায়।”
“চাবি দিতে না চাইলে তারা আমার বাম হাতে গুলি করে। এরপর ম্যাডাম ও পিনাকিকে গুলি করে পরাগকে নিয়ে মটরসাইকেল করে চলে যায়।”
লিপির বুকে ও পায়ে এবং পিনাকি ও গাড়িচালক নজরুলের পায়ে গুলি লাগে। এদের মধ্যে লিপি ও পিনাকিকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
