২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ক্যাবল ব্যবসা বন্ধে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি

অবৈধ ক্যাবল ব্যবসা এবং বিশেষ চ্যানেলে অশালীন ছবি প্রদর্শনের সঙ্গে জড়িত অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ক্যাবল ব্যবসা এবং বিশেষ চ্যানেলে অশালীন ছবি প্রদর্শনের সঙ্গে জড়িত অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে ক্যাবল অপারেটরদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, “লাইসেন্স না নিয়েই অনেকে ক্যাবল ব্যবসা করছেন। অনেকেই অবৈধভাবে নিজস্ব চ্যানেল চালু করে তাতে গভীর রাতে অশালীন ছবি দেখাচ্ছেন। তারা এটা বন্ধ না করলে সরকার আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।” ক্যাবল টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর আখতার ক্যাবল অপারেটরদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, “লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের কারণে বৈধ অপারেটররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা অবৈধভাবে নানান বিদেশি চ্যানেল এবং নিজস্ব চ্যানেলে অশ্লীল ছবি দেখাচ্ছে। এতে বৈধ অপারেটরদের গ্রাহক কমে যাচ্ছে।” এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ জানান তিনি। ভারতসহ বিভিন্ন দেশের চ্যানেলগুলো সম্প্রচারের ক্ষেত্রে অনিয়মের কথাও তুলে ধরেন অপারেটররা। ওই চ্যানেলগুলোর এজেন্টরা অপারেটরদের একটি নির্দিষ্ট চ্যানেলের বাইরেও প্যাকেজ নিতে বাধ্য করেন বলে তারা অভিযোগ করেন। মন্ত্রী জানান, ক্যাবল অপারেটরদের বিভিন্ন সমস্যা সমাধানসহ আইন বাস্তবায়নে একটি শক্তিশালী পরামর্শক কমিটি গঠন করা হচ্ছে। আগামী ৩০ অক্টোবর থেকেই এ পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত কার্যকর হবে। কমিটির কাছে পরামর্শ ও সমস্যাগুলো জানানো হলে সরকার তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বলে জানান মন্ত্রী। সরকারি তিনটি টিভি চ্যানেল ‘বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’, ‘বিটিভি ওয়ার্ল্ড’ ও ‘সংসদ টিভি’ স্পষ্টভাবে দেখার ব্যবস্থা করতেও কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, যুগ্ম-সচিব মনজুর হোসেন ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এসইউ/১৬৪৪ ঘ.