২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির দিদার ৮ দিনের রিমান্ডে

মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক দিদারুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজত পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক দিদারুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজত পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মোজাহের আলী সর্দার ১০ দিনের রিমান্ডের আবেদন করলে রোববার শুনানি শেষে আট দিনের হেফাজত মঞ্জুর করেন মহানগর হাকিম তানভীর আহমেদ। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এর মধ্যে দুটি মামলায় শনিবার সাবেক সেনা কর্মকর্তা দিদারুল আলমকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে একটি মামলায় তাকে রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রোববার শুনানিতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান দিদারুলের আইনজীবী সৈয়হ শাহ আলম। শুনানিতে তিনি বলেন, দিদারুল আলম ডেসটিনির পরিচালক নন। তিনি ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড বিল্ডার্সে লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। গত সেপ্টেম্বর মাসে তাকে ওই পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। দিদারুলের বিরুদ্ধে ১১শ’ ৭৮ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক না বলে দাবি করেন তিনি। “আমার মক্কেল কোনো চুরি বা অর্থ আত্মসাৎ করেননি। কোনো অর্থ স্থানান্তর বা পাচারও করেননি।” দিদারুলের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল। তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর দিদারুলকে জামিন দিয়েছিলেন ঢাকার এক মহানগর হাকিম। পরে তা বাতিল হয়ে যায়। ডেসটিনি প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে এসব মামলায় কারাগারে পাঠানো হলেও হারুন হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৬৪৫ ঘ.