২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি দখলে জাল দলিল, রায়ে কারাদণ্ড

সিরাজগঞ্জের মোশাররফ হোসেন তালুকদার ১০ কোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তি নিজের দাবি করে মামলা করেছিলেন। পলাতক অবস্থায়ই তার বিরুদ্ধে রায় হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল দলিল করে অর্পিত সম্পত্তির দখল নেয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জের অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ আব্দুল সালেক রোববার জেলা শহরের মোশাররফ হোসেন তালুকদার মুন্নাকে (৫৫) এই দণ্ড দেন। জেলা শহরের এস এস রোডের বাসিন্দা মোশাররফ শহরের মুজিব সড়কের ১০ কোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তি নিজের দাবি করে মামলা করেছিলেন। পলাতক অবস্থায়ই তার বিরুদ্ধে রায় হয়। আদালতের রায়ে মোশাররফকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বরাত আলী। অর্থ দিতে ব্যর্থ হলে মোশাররফকে আরো তিন মাস কারাভোগ করতে হবে। অ্যাডভোকেট বরাত আলী বলেন, “আমার জানামতে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে এই ধরনের রায় দেশে এই প্রথম।” তিনি জানান, সোয়া ৫৭ শতাংশ জমি নিজের দাবি করে মোশারফ গত ১১ জুন অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পৌর ভূমি অফিসকে কাগজপত্র পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলে। “ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাছান আলী গত ২৫ জুন তার প্রতিবেদনে বলেন, মোশাররফ জাল দলিলের মাধ্যমে এই দাবি করেছেন। প্রতিবেদন পাওয়ার পর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় দেয়।” পাকিস্তান আমলে শহরের মুজিব সড়কের কালিদাস চৌধুরী তার সম্পত্তি ফেলে ভারতে চলে গেলে তা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হয়। তখন থেকেই ওই জায়গাটি মুনসেফ আদালত হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরবর্তীকালে আদালত স্থানান্তর হলে ওই সম্পত্তি জেলা রেজিষ্ট্রার অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এই সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.