গাজীপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুট হওয়া ৭০ লাখ টাকার কাপড়সহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ।
রোববার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।
ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে ওই কাপড়গুলো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, গত ২৯ সেপ্টেম্বর বগুড়া নিউ মার্কেটের ১৪ জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুর হাট থেকে ৮০ লাখ টাকার কাপড় কিনে ট্রাক যোগে এলাকায় ফিরছিলেন।
রাত সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাকসহ মালামাল লুট করে। ওই রাতেই বগুড়ার ব্যবসায়ী হায়দার আলী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ডাকাতরা হলেন, কোরবান (২৪), মিজানুর (২৩) সাগর চন্দ্র দাস (২৭) ও নজরুলকে (২৮)।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে ঢাকা থেকে ডাকাত দলের সদস্য মঞ্জু (২৪) ও সোহাগকে (১৮) গ্রেপ্তার করা হয়।
একই রাতে পাবনার ইশ্বরদীর মূলাডুলী বাজার থেকে ডাকাত সদস্য ওয়ারেছ কাওছারকে (২৫) লুট হওয়া ৭০ লাখ টাকার মালামাল ও ট্রাকসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাতজন আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও কালিয়াকৈর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/১৬২৯ ঘ.
bdnews24